যুদ্ধে এ পর্যন্ত ইরানের ক্ষয়ক্ষতি ২ হাজার ৭০০ কোটি ডলার

যুদ্ধে এ পর্যন্ত ইরানের ক্ষয়ক্ষতি ২ হাজার ৭০০ কোটি ডলার

উত্তরদক্ষিণ। বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬, আপডেট ১৩:৫৬

আমেরিকা-ইসরায়েলের যৌথ হামলায় এ পর্যন্ত ইরানের অর্থনৈতিক ও অবকাঠামোগত যে ক্ষয়ক্ষতি হয়েছে, আর্থিক হিসেবে তা ২ হাজার ৭০০ কোটি ডলারের সমতুল্য। তবে এটি প্রাথমিক হিসেব, বিস্তারিতভাবে হিসেব করলে ক্ষয়ক্ষতির আর্থিক মূল্য আরও বাড়তে পারে।

ইরানে ক্ষমতাসীন ইসলামি প্রজাতন্ত্রী সরকারের মুখপাত্র ফাতেমেহ মোহাজেরানি গতকাল মঙ্গলবার দেশটির আধাসরকারি সংবাদমাধ্যম তাসনিম নিউজকে এ তথ্য জানিয়ে বলেছেন, “প্রাথমিক হিসেব অনুযায়ী যুদ্ধে যুদ্ধের শুরু থেকে এ পর্যন্ত ইরানের অর্থনৈতিক ও অবকাঠামোগত ক্ষয়ক্ষতি হয়েছে ২ হাজার ৭০০ কোটি ডলার। সরকার এখনও ক্ষয়ক্ষতির পরিমাণ মূল্যায়নের কাজ চালিয়ে যাচ্ছেন। এর মধ্যে রয়েছে ভবন ধ্বংসের ক্ষতি এবং শিল্পকারখানা বন্ধ থাকায় রাজস্ব ক্ষতির হিসেব।”

গত ১১ এপ্রিল ইসলামাবাদে বৈঠকে ক্ষয়ক্ষতির এই তথ্য মার্কিন প্রতিনিধিদের জানানো হয়েছে বলেও উল্লেখ করেছেন মোহাজেরানি।

ইরানের পরমাণু প্রকল্প এবং ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে গত দুই যুগ ধরে দেশটির সঙ্গে দ্বন্দ্ব চলছে আমেরিকা। দুই ইস্যুতে গত ৬ ফেব্রুয়ারি থেকে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত ২১ দিন ধরে সংলাপ চলে তেহরান এবং ওয়াশিংটনের মধ্যে। ২৭ ফেব্রুয়ারি কোনো প্রকার সমঝোতা চুক্তি ছাড়াই শেষ হয় সেই সংলাপ।

তার পরের দিন ২৮ ফেব্রুয়ারি ইরানে ‘অপারেশন এপিক ফিউরি’ শুরু করে আমেরিকার সামরিক বাহিনী। ওয়াশিংটনের সঙ্গে তাল মিলিয়ে একই সময়ে ইরানে সামরিক অভিযান ‘অপারেশন রোয়ারিং লায়ন’ শুরু করে ইসরায়েলও।

ইরান-আমেরিকা-ইসরায়েল যুদ্ধের প্রথম দিনই নিহত হন আয়তুল্লাহ খামেনি, যিনি টানা ৩৭ বছর ইরানের সর্বোচ্চ নেতা ছিলেন। এছাড়া ইরানে ক্ষমতাসীন ইসলামি প্রজাতন্ত্রী সরকারের বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ এবং জ্যেষ্ঠ কর্মকর্তা নিহত হয়েছেন আমেরিকা-ইসরায়েলের হামলায়।

সূত্র: বিবিসি

ইউডি/রেজা

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading