যুদ্ধ শেষ হলেই কমবে জ্বালানি তেলের দাম: দাবি ট্রাম্পের
উত্তরদক্ষিণ। বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬, আপডেট ১৮:৩৬
ইরানের সঙ্গে যুদ্ধ শেষ হওয়ার পর আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম বিপুল পরিমাণে হ্রাস পাবে বলে দাবি করেছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার ফক্স নিউজের মারিয়া বার্টিরোমোকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই আশাবাদ ব্যক্ত করেন।
মঙ্গলবার হোয়াইট হাউসে ধারণকৃত এই সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, বর্তমানে প্রতি ব্যারেল তেলের দাম ৯২ ডলারের আশেপাশে থাকায় তিনি সন্তুষ্ট। তবে চলমান যুদ্ধের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘এই যুদ্ধ শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই তেলের দাম অনেক বেশি কমে যাবে। আর আমি মনে করি, খুব শিগগিরই এই সংঘাতের অবসান হতে পারে।’
এর আগে রবিবার একই সংবাদমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেছিলেন, আগামী নভেম্বরের কংগ্রেস নির্বাচনের সময় জ্বালানির দাম বর্তমানের মতোই থাকতে পারে অথবা সামান্য কিছুটা বাড়তে পারে।
বুধবারের সাক্ষাৎকারে তিনি দাবি করেন, তাকে ভুল উদ্ধৃত করা হয়েছিল। মূলত আগের মন্তব্যের ফলে সৃষ্ট নেতিবাচক প্রতিক্রিয়া সামাল দিতেই তিনি তেলের দাম কমার নতুন এই ভবিষ্যদ্বাণী করেছেন বলে ধারণা করা হচ্ছে।
সাক্ষাৎকারের শেষের দিকে ট্রাম্প আরও বলেন, বর্তমানে প্রতি গ্যালন গ্যাসের দাম গড়ে ৪ ডলারের সামান্য উপরে থাকলেও নির্বাচনের সময় তা অনেক কমে আসবে। যুদ্ধের বিষয়টি নিষ্পত্তি হয়ে গেলে গ্যাসের দাম অবিশ্বাস্য রকম কমবে বলে মনে করেন তিনি।
সূত্র: এপি
ইউডি/রেজা

