অনুমতি ছাড়া হজের চেষ্টা করলে গুনতে হবে মোটা অংকের জরিমানা

অনুমতি ছাড়া হজের চেষ্টা করলে গুনতে হবে মোটা অংকের জরিমানা

উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬, আপডেট ১২:০৫

অনুমতি ছাড়া হজ পালনকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে সৌদি আরব। হজ পারমিট ছাড়া হজের চেষ্টা করলে বা ভিজিট ভিসাধারীদের অবৈধভাবে হজে সহায়তা করলে সর্বোচ্চ এক লাখ সৌদি রিয়াল জরিমানার ঘোষণা দিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

সৌদি আরবের সরকারি তথ্যমতে, আগামী ১৮ এপ্রিল থেকে জুনের মাঝামাঝি পর্যন্ত এই কড়াকড়ি বহাল থাকবে। মূল হজের সময় ভিড় নিয়ন্ত্রণ এবং নিরাপত্তা নিশ্চিত করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। অবৈধভাবে হজে অংশ নেওয়া এবং তাদের আবাসন বা যাতায়াতে যারা সাহায্য করবেন, উভয় পক্ষই এই শাস্তির আওতায় পড়বেন।

নতুন নিয়ম অনুযায়ী, কোনো ব্যক্তি যদি বৈধ পারমিট ছাড়া হজের চেষ্টা করেন, তবে তাকে ২০ হাজার সৌদি রিয়াল জরিমানার মুখে পড়তে হবে। একই সাথে যেসব ভিজিট ভিসাধারী নিষিদ্ধ সময়ে মক্কায় প্রবেশ করবেন বা অবস্থান করবেন, তাদের ক্ষেত্রেও একই পরিমাণ অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে।

সবচেয়ে বড় অংকের জরিমানা গুনতে হবে তাদের, যারা অবৈধভাবে হজ পালনে প্ররোচনা বা সহায়তা দেবেন। ভিজিট ভিসার আবেদন করা, পরিবহন সুবিধা দেওয়া কিংবা হোটেল ও ব্যক্তিগত বাসস্থানে থাকার ব্যবস্থা করে দিলে এই জরিমানার পরিমাণ ১ লাখ রিয়াল পর্যন্ত হতে পারে। অপরাধীর সংখ্যা এবং অপরাধের মাত্রাভেদে এই জরিমানার পরিমাণ আরও বাড়তে পারে বলেও জানানো হয়েছে।

জরিমানা ছাড়াও অবৈধভাবে মক্কায় প্রবেশকারী বা ভিসার মেয়াদ শেষ হওয়ার পর অবস্থানকারীদের নিজ দেশে ফেরত পাঠিয়ে দেওয়া হবে। পাশাপাশি তাদের ওপর পরবর্তী ১০ বছরের জন্য সৌদি আরবে প্রবেশের ওপর নিষেধাজ্ঞা জারি করা হবে। এছাড়া অবৈধ হজযাত্রী বহনে ব্যবহৃত যানবাহন বাজেয়াপ্ত করার নির্দেশ দিতে পারেন আদালত।

কর্তৃপক্ষ সতর্ক করে জানিয়েছে, হজের পবিত্রতা এবং শৃঙ্খলা রক্ষায় কোনো প্রকার অনিয়ম সহ্য করা হবে না। তাই নির্দিষ্ট নিয়ম মেনে এবং বৈধ অনুমতির মাধ্যমেই হজের আনুষ্ঠানিকতা সম্পন্ন করার আহ্বান জানানো হয়েছে।

সূত্র: গালফ নিউজ

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading