অরাজনৈতিক ও কার্যকর এফবিসিসিআই গড়তে চায় সরকার

অরাজনৈতিক ও কার্যকর এফবিসিসিআই গড়তে চায় সরকার

উত্তরদক্ষিণ। রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬, আপডেট ১৩:২৩

দেশের ব্যবসায়ী সমাজের প্রকৃত প্রতিনিধিত্বকারী, কার্যকর ও অরাজনৈতিক প্রতিষ্ঠান হিসেবে ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই)-কে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

রবিবার (১৯ এপ্রিল) সকালে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ব্যবসায়ী নেতৃবৃন্দের সঙ্গে অনুষ্ঠিত এক বৈঠকে তিনি এ আহ্বান জানান।

বাণিজ্যমন্ত্রী বলেন, ‘ব্যবসায়ীদের স্বার্থ রক্ষা এবং সরকারের কাছে তাদের দাবি-দাওয়া কার্যকরভাবে উপস্থাপনের ক্ষেত্রে এফবিসিসিআই-এর ভূমিকা আরও শক্তিশালী ও সক্রিয় হতে হবে। প্রয়োজনে ইতিবাচক ও গঠনমূলক চাপ সৃষ্টি করে নীতিগত সহায়তা আদায়েও সংগঠনটিকে কার্যকর ভূমিকা রাখতে হবে। তবে কোনোভাবেই এফবিসিসিআইকে রাজনৈতিক উদ্দেশে ব্যবহারের সুযোগ দেওয়া যাবে না।’

তিনি আরও বলেন, ‘সরকার এমন একটি এফবিসিসিআই দেখতে চায়, যা প্রকৃত অর্থেই সকল ব্যবসায়ীর সম্মিলিত প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে এবং বাণিজ্য মন্ত্রণালয়ের সহায়ক শক্তি হিসেবে নীতিনির্ধারণে বাস্তবভিত্তিক মতামত প্রদান করবে।’

বাণিজ্যমন্ত্রী উল্লেখ করেন, সংগঠনটিকে আরও গতিশীল ও ফলপ্রসূ করতে যোগ্য, দূরদর্শী ও উদ্যমী নেতৃত্ব অপরিহার্য। নেতৃত্ব অবশ্যই ব্যবসায়ীদের মধ্য থেকেই আসা উচিত, যাতে সংগঠনটি ব্যবসায়ী সমাজের স্বার্থ রক্ষায় কার্যকর ভূমিকা রাখতে পারে।

ব্যবসায়ী নেতৃবৃন্দকে আশ্বস্ত করে তিনি বলেন, সরকার ব্যবসাবান্ধব পরিবেশ তৈরিতে প্রতিশ্রুতিবদ্ধ। নতুন ইমপোর্ট পলিসি ইতোমধ্যে চূড়ান্ত পর্যায়ে রয়েছে এবং শিগগিরই তা উন্মুক্ত করা হবে। পাশাপাশি বস্ত্র ও পাট, শিল্প এবং বাণিজ্য মন্ত্রণালয়ের সেবা সহজীকরণে ব্যবসায়ী প্রতিনিধিদের সমন্বয়ে পৃথক কমিটি গঠন করা হবে।

বৈঠকে বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (রফতানি) ও এফবিসিসিআই-এর প্রশাসক মো. আবদুর রহিম খান বক্তব্য রাখেন।

এছাড়া উপস্থিত ব্যবসায়ী প্রতিনিধিদের মধ্যে বক্তব্য দেন বিজিএমইএ-এর সাবেক সভাপতি এস এম ফজলুল হক, এফবিসিসিআই-এর সাবেক সভাপতি মীর নাসির হোসেন, বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেম, সাবেক পরিচালক নাসরিন ফাতেমা আউয়াল, আব্দুল হক, বাংলাদেশ সিএনজি মেশিনারিজ ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি জাকির হোসেন নয়ন, বাংলাদেশ সুপার মার্কেট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক জাকির হোসেন, গিয়াস উদ্দিন চৌধুরী খোকন, বেলায়েত হোসেন ভূঁইয়া, নিজাম উদ্দিন রাজেশ ও সৈয়দ বখতিয়ারসহ অন্যান্য ব্যবসায়ী নেতা।

বৈঠকে অংশগ্রহণকারী নেতারা এফবিসিসিআই-কে আরও কার্যকর ও ব্যবসাবান্ধব সংগঠন হিসেবে গড়ে তুলতে বিভিন্ন মতামত তুলে ধরেন। একই সঙ্গে নির্বাচন পূর্ববর্তী সময়ে ব্যবসায়ী সমাজ থেকে একজনকে প্রশাসক হিসেবে দায়িত্ব দেওয়ার প্রস্তাবও উত্থাপন করেন।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading