ছাত্রাবাসে সংঘর্ষ: ময়মনসিংহ মেডিক্যাল কলেজ ছাত্রদলের ২ নেতা বহিষ্কার

ছাত্রাবাসে সংঘর্ষ: ময়মনসিংহ মেডিক্যাল কলেজ ছাত্রদলের ২ নেতা বহিষ্কার

উত্তরদক্ষিণ। রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬, আপডেট ১৩:৩৪

ময়মনসিংহ মেডিক্যাল কলেজের ছাত্রাবাসে সংঘর্ষের ঘটনায় ছাত্রদলের দুই নেতাকে বহিষ্কার করা হয়েছে।

শনিবার (১৮ এপ্রিল) রাতে ছাত্রদলের দপ্তর সম্পাদক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ খবর জানানো হয়েছে।

বহিষ্কৃত দুই ছাত্রদল নেতা হলেন— ময়মনসিংহ মেডিক্যাল কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নুরে জাওয়াদ রুতাপ এবং সদস্য নাফিউল ইসলাম।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নুরে জাওয়াদ রুতাপকে সাংগঠনিক পদ এবং নাফিউল ইসলামকে প্রাথমিক সদস্য পদ থেকে অব্যাহতি প্রদান করা হলো।

একই দিনে পৃথক বিজ্ঞপ্তির মাধ্যমে ময়মনসিংহ মেডিক্যাল কলেজের ছাত্রাবাসের সংঘর্ষের ঘটনায় তদন্ত কমিটি গঠনের কথা জানিয়েছে ছাত্রদল। ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, ময়মনসিংহ মেডিক্যাল কলেজের কিছু ছাত্রদল কর্মীর বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনা তদন্তের জন্য ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি হাফিজুর রহমান সোহানের নেতৃত্বে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদকের নির্দেশে এ তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

এর আগে গত শুক্রবার রাতে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ ছাত্রাবাসে তৃতীয় বর্ষের শিক্ষার্থী মীর হামিদুর ও মু. মুয়াজের দ্বন্দ্বের জের ধরে ছাত্রদলের দুই পক্ষের কর্মীরা সংঘর্ষে লিপ্ত হয়। এ সংঘর্ষের পর সাত দিনের জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজের সব ক্লাস ও পরীক্ষা স্থগিত করা হয়েছে। সাত দিনের ছাত্রাবাস বন্ধ ঘোষণা করা হয়েছে। সংঘর্ষে মুয়াজ ও হামিদুর আহত হয়ে চিকিৎসাধীন আছেন।

এ ঘটনায় ময়মনসিংহ মেডিক্যাল কলেজ কতৃপক্ষ তিন সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে।

ইউডি/রেজা

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading