ইরানি জাহাজ জব্দের ভিডিও প্রকাশ করল আমেরিকা

ইরানি জাহাজ জব্দের ভিডিও প্রকাশ করল আমেরিকা

উত্তরদক্ষিণ। সোমবার, ২০ এপ্রিল, ২০২৬, আপডেট ১২:৩১

ওমান উপসাগরে ইরানের পতাকাবাহী একটি বাণিজ্যিক জাহাজ জব্দ করেছে আমেরিকার নৌবাহিনী। মার্কিন নৌ অবরোধের মধ্যে নির্দেশনা না মানায় জাহাজটিতে হামলা চালানো হয় বলে আমেরিকা জানিয়েছে।

হুমকি-ধামকির মধ্যেই রবিবার (১৯ এপ্রিল) ওমান উপসাগরে ‘তুসকা’ নামের ইরানের পতাকাবাহী একটি কার্গো জাহাজ জব্দ করেছে আমেরিকার নৌবাহিনী। ট্রুথ সোশ্যালে নিজেই এ তথ্য জানান মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। জাহাজটি মার্কিন নৌ অবরোধ ভাঙার চেষ্টা করলে হামলা চালানো হয় বলে তিনি জানান।

এরপর ইরানের পতাকাবাহী জাহাজ ‘তুসকা’-তে মেরিন সেনাদের আরোহণের একটি ভিডিও প্রকাশ করে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত পোস্টে দেখা যায়, মেরিন সেনারা ইউএসএস ত্রিপোলি উভচর আক্রমণকারী জাহাজ থেকে হেলিকপ্টারে করে অবতরণ করছেন এবং এরপর দড়ি বেয়ে ইরানি কন্টেইনার জাহাজটিতে নামছেন।

এর আগে জাহাজটিতে হামলার আরেকটি ভিডিও প্রকাশ করে মার্কিন নৌবাহিনীর সেন্ট্রাল কমান্ড। ভিডিওতে দেখা যায়, প্রথমে জাহাজটিকে সতর্কতামূলক বার্তা পাঠানো হচ্ছে। এরপর এটি লক্ষ্য করে মিসাইল সদৃশ কিছু ছোড়া হয়। হামলার সময় ইরানি জাহাজটি উত্তর আরব সাগরে অবস্থান করছিল। চীন থেকে এটি ইরানের বন্দর আব্বাসে যাচ্ছিল।

সেন্ট্রাল কমান্ড দাবি করেছে, তাদের অবরোধ ভেঙে এগিয়ে যাওয়ার কারণে জাহাজটি জব্দ করা হয়েছে। তারা বলেছে, মার্কিন রণতরী ইউএসএস স্প্রুয়েন্স উত্তর আরব সাগরে ইরান অভিমুখী মালবাহী জাহাজ এমভি তুসকাকে আটকে দিয়েছে। মার্কিন বাহিনী বারবার সতর্কবার্তা দিয়ে জানিয়েছিল যে, ইরানি পতাকাবাহী এই জাহাজটি আমেরিকা দেয়া অবরোধ অমান্য করছে।

এদিকে জাহাজ জব্দের ঘটনাকে জলদস্যুতা উল্লেখ করে শিগগিরই পাল্টা জবাব দেয়ার হুঁশিয়ারি দিয়েছে তেহরান। ইরানের আধা–সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজে প্রকাশিত ইরানের ‘হজরত খাতাম আল–আম্বিয়া’ সামরিক সদর দফতরের এক বিবৃতিতে বিবৃতিতে বলা হয়, ‘যুদ্ধবিরতি লঙ্ঘন ও সমুদ্র জলদস্যুতার মাধ্যমে আগ্রাসী আমেরিকা ওমান সাগরের জলসীমায় ইরানের একটি বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়েছে।

ইরান অভিযোগ করেছে, মার্কিন সেনারা জাহাজটিতে গুলি করেছে এবং তাদের বেশ কয়েকজন সন্ত্রাসী মেরিন সেনাকে ওই জাহাজের ডেকে নামিয়ে সেটির নেভিগেশন (দিকনির্দেশনা) ব্যবস্থা বিকল করে দিয়েছে।’

ইউডি/রেজা

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading