সুনামগঞ্জে আগাম বন্যার শঙ্কা, দ্রুত পাকা ধান কাটার অনুরোধ পাউবোর

সুনামগঞ্জে আগাম বন্যার শঙ্কা, দ্রুত পাকা ধান কাটার অনুরোধ পাউবোর

উত্তরদক্ষিণ। মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬, আপডেট ১৯:৩০

উজানে বৃষ্টিপাত অব্যাহত থাকায় সুনামগঞ্জের সুরমা, কুশিয়ারা, বাউলাই নদীসহ অন্যান্য নদ-নদীর পানি বৃদ্ধি পেয়ে আগাম বন্যার শঙ্কার কথা জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। এমন পরিস্থিতিতে জমির ৮০ শতাংশ ধান পেকে গেলে দ্রুত কর্তনের অনুরোধ জানিয়েছে সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ড।

মঙ্গলবার (২১ এপ্রিল) বিকেলে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানান পানি উন্নয়ন বোর্ড সুনামগঞ্জ অফিসের নির্বাহী প্রকৌশলী-১ মামুন হাওলাদার।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর ও বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের সর্বশেষ তথ্য অনুযায়ী দেশের উত্তর-পূর্বাঞ্চল, বিশেষ করে সুনামগঞ্জ জেলার মধ্যে দিয়ে প্রবাহিত সুরমা, কুশিয়ারা ও বউলাইসহ অন্যান্য নদীর উজান অববাহিকায় বৃষ্টিপাত বৃদ্ধি পাওয়ায় নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। তাই আগামী কয়েকদিন নদ-নদীর পানি সমতল দ্রুত বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে, এমনকি যে কোনো সময় আগাম বন্যা পরিস্থিতি উদ্ভব হতে পারে।

এছাড়াও হাওরের অভ্যন্তরে বৃষ্টিপাতের ফলে অপেক্ষাকৃত নিচু এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হতে পারে। সম্ভাব্য পরিস্থিতিতে বোরো ফসলের ক্ষয়ক্ষতি কমাতে কৃষকগণকে যেসকল জমির ৮০ শতাংশ ধান পাকা এরূপ জমির ধান দ্রুত কর্তনের জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে।

পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী-১ মো. মামুন হাওলাদার বলেন, আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী সুনামগঞ্জ অঞ্চলে আগামী দুই-তিন দিন হালকা ও মাঝারি বৃষ্টি হতে পারে। এরপর ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাই হাওরের পাকা ধান দ্রুত কাটার জন্য আমরা কৃষকদের অনুরোধ জানিয়েছি।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ ওমর ফারুক বলেন, প্রকৃতি এই বছর কৃষকদের সাথে বৈরী আচরণ করছে। যেসব জমির ধান ৮০ ভাগ পাকা সেগুলো কাটার জন্য কৃষকদের অনুরোধ করা হচ্ছে। শ্রমিকদের পাশাপাশি ৬২৭ টি কম্বাইন হারভেস্টার ও ১৪৬টি রিপার দিয়ে ধান কাটা হচ্ছে।

ইউডি/রেজা

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading