ইরানে জরুরি চিকিৎসা সামগ্রী পাঠাচ্ছে বাংলাদেশ

ইরানে জরুরি চিকিৎসা সামগ্রী পাঠাচ্ছে বাংলাদেশ

উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬, আপডেট ১৩:৩৪

মধ্যপ্রাচ্যে যুদ্ধে বির্পযস্ত ইরানে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে ইরানে চিকিৎসা সহায়তা সামগ্রী পাঠাচ্ছে বাংলাদেশ। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির মাধ্যমে এ সহায়তা পাঠানো হচ্ছে।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকালে ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত জলিল রহিমী জাহানাবাদীর কাছে এসব চিকিৎসা সামগ্রী হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

মন্ত্রণালয় জানিয়েছে, মধ্যপ্রাচ্যে চলমান সংকটের প্রেক্ষাপটে ভ্রাতৃপ্রতিম ইরানের জনগণের প্রতি সংহতি প্রকাশ ও মানবিক সহায়তার অংশ হিসেবে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি জরুরি ওষুধ সামগ্রী হস্তান্তর করেছে।

বৃহস্পতিবার সকালে ঢাকায় ইরানের রাষ্ট্রদূত জলিল রাহিমি জাহানাবাদির নিকট এ সহায়তা তুলে দেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির মহাসচিব ড. কবির এম. আশরাফ আলম।

ঢাকাস্থ ইরানি দূতাবাসে আয়োজিত এ অনুষ্ঠানে বাংলাদেশ সরকারের পক্ষে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (দ্বিপাক্ষিক) ড. মো. নজরুল ইসলাম এবং পশ্চিম এশিয়া অনুবিভাগের মহাপরিচালক মো. হুমায়ুন কবীর উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতিতে ইরানের আহত জনগণের চিকিৎসা সহায়তার লক্ষ্যে জরুরি ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম ক্রয়ের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমান গত ৬ এপ্রিল বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটিকে এক কোটি টাকা অনুদান প্রদান করেন।

অনুষ্ঠানে সচিব (দ্বিপাক্ষিক) ড. নজরুল ইসলাম মধ্যপ্রাচ্যের সংঘাতে প্রাণহানি ও সম্পদের ক্ষয়ক্ষতির ঘটনায় গভীর উদ্বেগ ও দুঃখ প্রকাশ করেন। তিনি বলেন, বাংলাদেশ সবসময় শান্তির পক্ষে। কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে এই সংকটের শান্তিপূর্ণ সমাধান হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

ইরানের রাষ্ট্রদূত জলিল রাহিমি জাহানাবাদি সহায়তা গ্রহণকালে বাংলাদেশ সরকারের এই মানবিক উদ্যোগের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানান। তিনি দুই দেশের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা উল্লেখ করে এই দুঃসময়ে বাংলাদেশের সহমর্মিতার প্রশংসা করেন।

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির মহাসচিব ড. কবির বলেন, রেড ক্রিসেন্ট বিশ্বের বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে কাজ করে। যুদ্ধকালীন পরিস্থিতিতে ইরানের জনগণের পাশে দাঁড়ানো তাদের মানবিক দায়িত্বের অংশ।

ইউডি/রেজা

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading