‘মানুষ যেন ২৪ ঘণ্টাই সেবা পায় এমন পরিকল্পনা রয়েছে’
উত্তরদক্ষিণ। শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬, আপডেট ১৫:৪৫
মানুষ যেন ২৪ ঘণ্টাই সেবা পায় এমন চিকিৎসাসেবার পরিকল্পনা করার কথা জানিয়েছেন সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।
শুক্রবার (২৪ এপ্রিল) সকালে সোসাইটি অব নিউক্লিয়ার মেডিসিন বাংলাদেশের ২৯তম জাতীয় কনফারেন্সে এ কথা জানান তিনি।
সমাজকল্যাণমন্ত্রী বলেন, ‘ঢাকায় রাত ১০টায় একটি আলট্রাসনোগ্রাম করতেও অনেক সময় কষ্ট পেতে হয় মানুষের। সরকারি কোন হাসপাতালেই বিকেল ৩টার পর এ সেবা পাওয়া যায় না। তাই চিকিৎসাসেবার ক্ষেত্রে পরিকল্পনা এমন হতে হবে যেন মানুষ ২৪ ঘণ্টাই সেবা পায়।’
তিনি আরও বলেন, ‘চিকিৎসকদের এবং চিকিৎসা সেবার সঙ্গে যুক্ত সবারই আচরণ এবং নীতি পরিবর্তন করতে হবে। কারণ রোগবালাই সময় দেখে আসে না। যে কোন সময় একজন মানুষের চিকিৎসার প্রয়োজনীয়তা দেখা দিতে পারে। তাই সময় বিবেচনা না করে সব পুরুষ বা নারী বিচার না করে চিকিৎসাসেবা দিয়ে যেতে হবে সব মুহূর্তেই।’
দিনব্যাপী এই সম্মেলনে পরমাণু চিকিৎসার সমসাময়িক বিভিন্ন বিষয়ের ওপর প্রায় অর্ধশত বৈজ্ঞানিক নিবন্ধ উপস্থাপনের জন্য তালিকাভুক্ত হয়। অনুষ্ঠানে নবীন বিজ্ঞানীদের একাডেমিক অর্জনের স্বীকৃতিস্বরুপ ইয়ং সায়েন্টিস্ট অ্যাওয়ার্ড প্রদান করেন সোসাইটি অব নিউক্লিয়ার মেডিসিন বাংলাদেশের প্রেসিডেন্ট অধ্যাপক ডা. ফারিয়া নাসরিন।
ইউডি/রেজা

