ট্রাম্পের পোস্টে চটেছে ইন্ডিয়া
উত্তরদক্ষিণ। শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬, আপডেট ১৬:১৫
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক বিতর্কিত পোস্টে চটেছে ইন্ডিয়া। তার এই পোস্টকে অযৌক্তিক ও রুচিহীন বলে তীব্র সমালোচনা করেছে নয়া দিল্লি।
সামাজিক যোগাযোগমাধ্যমে আগে দেওয়া একটি পোস্ট পুনরায় শেয়ার দেওয়ার পরে এই সমালোচনা শুরু হয়েছে।
বৃহস্পতিবার ‘ট্রুথ সোশ্যাল’ অ্যাকাউন্টে ট্রাম্প এমন একটি লেখা শেয়ার করেন, যেখানে ইন্ডিয়াকে হেলহোল বা নিকৃষ্ট স্থান হিসেবে উল্লেখ করা হয়। এই বিবৃতিটি দিয়েছেন রক্ষণশীল রেডিও উপস্থাপক মাইকেল স্যাভেজ।
মার্কিন জন্মসূত্রে নাগরিকত্বের সমালোচনা করে স্যাভেজ বলেন, “এখানে একটি শিশু সঙ্গে সঙ্গে নাগরিক হয়ে যায়, আর তারপর তারা চীন বা ইন্ডিয়া বা পৃথিবীর অন্য কোন নরককুণ্ড থেকে পুরো পরিবারকে নিয়ে আসে।”
বৃহস্পতিবার গভীর রাতে প্রতিক্রিয়া জানিয়ে ইন্ডিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, এই মন্তব্যটি ‘স্পষ্টতই অজ্ঞতাপ্রসূত, অনুপযুক্ত এবং কুরুচিপূর্ণ।’
তিনি আরও জানান, এই বক্তব্য ইন্ডিয়া-আমেরিকা সম্পর্কের বাস্তব চিত্র তুলে ধরে না, যা দীর্ঘদিন ধরে পারস্পরিক সম্মান ও অভিন্ন স্বার্থের ওপর ভিত্তি করে গড়ে উঠেছে।
ইন্ডিয়ার প্রধান বিরোধী দল কংগ্রেস ‘নরক’ মন্তব্যটিকে ‘অত্যন্ত অপমানজনক ও ইন্ডিয়াবিরোধী’ বলে অভিহিত করেছে। তারা বলেছে, ‘এটি প্রত্যেক ইন্ডিয়ানকে আঘাত করে।’
দলটি এক্স-এ বলেছে, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উচিত মার্কিন প্রেসিডেন্টের কাছে এই বিষয়টি উত্থাপন করা এবং তীব্র আপত্তি জানানো।”
ইন্ডিয়া সরকারের তথ্য অনুযায়ী, মার্কিন আমেরিকায় প্রায় ৫৫ লাখ ইন্ডিয়ান বংশোদ্ভূত মানুষ বাস করেন।আমেরিকায় এশীয় বংশোদ্ভূতদের মধ্যে ইন্ডিয়ান আমেরিকান এবং চীনা আমেরিকানরাই বৃহত্তম গোষ্ঠী।
ইউডি/রেজা

