তেলের দাম বাড়লেও সামগ্রিক মূল্যস্ফীতিতে প্রভাব ফেলবে না: বাণিজ্যমন্ত্রী
উত্তরদক্ষিণ। শুক্রবার (২৪ এপ্রিল) ২০২৬, আপডেট ১৯:২০
জ্বালানি তেলের দাম বাড়লেও তা দেশের সামগ্রিক মূল্যস্ফীতিতে উল্লেখযোগ্য প্রভাব ফেলবে না বলে জানিয়েছেন বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেন, আন্তর্জাতিক বাজারে উচ্চমূল্যে জ্বালানি আমদানি করতে হলেও সরকার পরিস্থিতি দক্ষতার সঙ্গে নিয়ন্ত্রণ করবে।
শুক্রবার (২৪ এপ্রিল) দুপুরে সিলেট সদর উপজেলার মাসুকগঞ্জ বাজারে বাসিয়া খাল খনন প্রকল্পের প্রস্তুতি পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী জানান, দেশে ডিজেলের দাম প্রায় ১৫ শতাংশ বাড়ানো হয়েছে, যা প্রতিবেশী দেশগুলোর তুলনায় কম। এর ফলে পণ্যমূল্যে কেজিপ্রতি প্রায় ৩০ পয়সার মতো সামান্য প্রভাব পড়তে পারে, যা সামগ্রিক মূল্যস্ফীতিতে বড় কোনো নেতিবাচক প্রভাব ফেলবে না।
সাম্প্রতিক লোডশেডিং বৃদ্ধি প্রসঙ্গে তিনি বলেন, বর্তমান সরকার দায়িত্ব নেয়ার সময় নানা অব্যবস্থাপনা উত্তরাধিকারসূত্রে পেয়েছে। বিদ্যুৎ উৎপাদন এখনো অনেকাংশে গ্যাসনির্ভর উল্লেখ করে তিনি জানান, দেশে বর্তমানে প্রায় ১৭ মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদন হলেও চাহিদা পূরণে আরও প্রায় ৯ মিলিয়ন ঘনফুট গ্যাস আমদানি করতে হচ্ছে। কারিগরি জটিলতার কারণে আমদানিতে কিছুটা ব্যাঘাত ঘটায় লোডশেডিং বেড়েছে। তবে দ্রুত পরিস্থিতি উন্নয়নে কাজ চলছে।
তিনি আরও বলেন, এলএনজি আমদানির সক্ষমতা বাড়াতে নতুন টার্মিনাল নির্মাণের উদ্যোগ নেয়া হয়েছে এবং এ বিষয়ে দরপত্র আহ্বান করা হচ্ছে।
ইউডি/এবি

