প্রেসিডেন্টের পদ এত বিপজ্জনক জানলে নির্বাচনে দাঁড়াতাম না: ট্রাম্প
উত্তরদক্ষিণ। রবিবার (২৫ এপ্রিল) ২০২৬, আপডেট ২০:২৫
হোয়াইট হাউস করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশনের নৈশভোজে নিরাপত্তা চৌকিতে এক বন্দুকধারীর গুলির শব্দটিকে প্রথমে ‘ট্রে পড়ে যাওয়ার শব্দ’ বলে মনে করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। ঘটনাটি ঘটার সময় নিজের মনে কী চলছিল, সে সম্পর্কে শনিবার (২৫ এপ্রিল) রাতে এটাই ছিল ট্রাম্পের প্রথম মন্তব্য।
ট্রাম্প বলেছেন, ‘আসলে, এটা আমার কাছে পুরোপুরি হতবাক করার মতো ছিল এবং সেই অনুভূতি কখনোই বদলায় না।’
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ‘অনুভূতি বদলায় না’ বলে করা মন্তব্যের মাধ্যমে ট্রাম্প সম্ভবত ২০২৪ সালের নির্বাচনী প্রচারের সময় পেনসিলভানিয়ার বাটলারের এক সমাবেশে নিজের ওপর হওয়া হামলা এবং ফ্লোরিডায় তার গলফ কোর্সে ঘটা দ্বিতীয় একটি ঘটনার দিকেই ইঙ্গিত দিয়েছেন।
ট্রাম্প বলেন, ‘আমি একটা শব্দ শুনেছিলাম এবং ভেবেছিলাম ওটা একটা ট্রে। অনেকবারই আমার মনে হয়েছে যে একটা ট্রে নিচে পড়েছে। কিন্তু সেখানে একটা বন্দুক ছিল এবং কিছু লোক ব্যাপারটা বেশ দ্রুতই বুঝে গিয়েছিল। অন্যরা বোঝেনি।’
‘কী ঘটছে তা দেখার জন্যই আমি নজর রাখছিলাম, সম্ভবত আমার আরেকটু দ্রুত নিচে নেমে যাওয়া উচিত ছিল’, যোগ করেন তিনি।
এসময় নিজের স্ত্রীর বিষয়ে ট্রাম্প বলেন, ‘আমার মনে হয়, কী ঘটেছে সে সম্পর্কে মেলানিয়া খুব ভালোভাবে অবগত ছিলেন। তিনি সঙ্গে সঙ্গেই বুঝতে পেরেছিলেন তিনি বলছিলেন যে, এটা একটা বাজে শব্দ (গুলির শব্দ)।’
ইউডি/এবি

