এক পাঙাশ ৭১ হাজার টাকায় বিক্রি!

এক পাঙাশ ৭১ হাজার টাকায় বিক্রি!

উত্তরদক্ষিণ। মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬, আপডেট ১৩:৩৫

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় পদ্মা-যমুনা নদীর মোহনায় জেলের জালে ২৫ কেজি ওজনের একটি পাঙাশ মাছ ধরা পড়েছে। মাছটি ৭১ হাজার ২৫০ টাকায় বিক্রি হয়েছে।

মঙ্গলবার (২৮ এপ্রিল) ভোর ৫টার দিকে দৌলতদিয়া-পাটুরিয়া ঘাটের মাঝামাঝি এলাকায় পদ্মা-যমুনার মোহনায় জেলে এরশাদের জালে মাছটি ধরা পড়ে।

জানা গেছে, ভোরে জেলে এরশাদ তার সহযোগীদের নিয়ে দৌলতদিয়া-পাটুরিয়া ঘাটের মাঝামাঝি এলাকায় পদ্মা-যমুনার মোহনায় জাল ফেলেন। ভোর ৫টার দিকে হঠাৎই জালে ধাক্কা লাগে। জাল তুলে তিনি দেখতে পান বিশাল আকৃতির একটি পাঙাশ মাছ ধরা পড়েছে।

পরে দৌলতদিয়া বাজারের রেজাউল মণ্ডলের আড়তে এনে ওজন দিয়ে দেখা যায়, মাছটির ওজন ২৫ কেজি। ওই আড়ত থেকে উন্মুক্ত নিলামের মাধ্যমে দুই হাজার ৮০০ টাকা কেজি দরে ৭০ হাজার টাকায় মাছটি কিনে নেন দৌলতদিয়া ৫ নম্বর ফেরিঘাট এলাকার মাছ ব্যবসায়ী মো. চান্দু মোল্লা। পরে তিনি মাছটি এক শিল্পপতির কাছে বিক্রি করেন।

এ বিষয়ে চাঁদনী অ্যান্ড আরিফা মৎস্য আড়তের স্বত্বাধিকারী মো. চান্দু মোল্লা বলেন, পদ্মা নদীর বড় পাঙাশ মাছের চাহিদা রয়েছে। এ জন্য ২৫ কেজি ওজনের পাঙাশ মাছটি বেশি দাম দিয়ে কিনে নিই। পরে মোবাইলে যোগাযোগ করে কুষ্টিয়ার পোড়াদহ এলাকার এক শিল্পপতির কাছে মাছটি কেজিপ্রতি ৫০ টাকা লাভে দুই হাজার ৮৫০ টাকা কেজি দরে ৭১ হাজার ২৫০ টাকা বিক্রি করেছি। ক্রেতার ঠিকানায় বিশেষ ব্যবস্থায় মাছটি পাঠিয়েও দিয়েছি।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading