২৪ ঘণ্টায় হামে আরও ৯ শিশুর মৃত্যু, আক্রান্ত ১২৭৬
উত্তরদক্ষিণ। মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬, আপডেট ১৬:০৫
দেশে হামের সংক্রমণ উদ্বেগজনক ভাবে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত ও উপসর্গ নিয়ে ৯ শিশুর মৃত্যু হয়েছে। মারা যাওয়া শিশুর মধ্যে নিশ্চিতভাবে হামে মারা গেছেন ৩ জন ও উপসর্গ নিয়ে মারা গেছেন ৬ জন। একই সময়ে নতুন করে ১ হাজার ২৭৬ জন শিশুর মধ্যে হামের সংক্রমণ দেখা দিয়েছে।
মঙ্গলবার (২৮ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের সমন্বিত নিয়ন্ত্রণ কেন্দ্র থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ১৫ মার্চ থেকে শুরু হওয়া বর্তমান প্রাদুর্ভাবে এ পর্যন্ত সারাদেশে মোট সন্দেহভাজন রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩৪ হাজার ৬৬২ জনে। এর মধ্যে সর্বশেষ ২৪ ঘণ্টায় ১৬৩ জনের শরীরে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে। সব মিলিয়ে এখন পর্যন্ত নিশ্চিত রোগীর সংখ্যা ৪ হাজার ৮৫৬ জন।
২৪ ঘণ্টায় মারা যাওয়া শিশুদের মধ্যে ঢাকা বিভাগের ৫ জন, বরিশাল বিভাগের ২ জন, রাজশাহী বিভাগের একজন, সিলেট বিভাগের একজন রয়েছেন। ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও এর উপসর্গে মোট ২৭৩ শিশুর মৃত্যু হয়েছে।
বিভাগভিত্তিক হিসাবে গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি সংক্রমণ শনাক্ত হয়েছে ঢাকা বিভাগে ৬১৫ জন। রাজশাহী বিভাগে ১৯১ জন এবং চট্টগ্রাম বিভাগে ১৯৭ জন আক্রান্ত হয়েছে।
ইউডি/রেজা

