বৈরী আবহাওয়ার কারণে নিকলীতে এসএসসি পরীক্ষা ১ ঘণ্টা দেরিতে শুরু
উত্তরদক্ষিণ। মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬, আপডেট ১৬:৫০
কিশোরগঞ্জের নিকলী উপজেলায় বৈরী আবহাওয়ার কারণে মঙ্গলবার এক ঘণ্টা বিলম্বে এসএসসি ও দাখিল পরীক্ষা শুরু হয়েছে। জেলার অষ্টগ্রাম ও মিঠামইন উপজেলাতেও ৩০ মিনিট বিলম্বে পরীক্ষা শুরু হয়েছে।
এছাড়া, করিমগঞ্জের উপজেলার একটি কেন্দ্রে পরীক্ষা শুরু হয়েছে ১০ মিনিট বিলম্বে। সকাল থেকেই প্রচণ্ড ঝড়-বৃষ্টির কারণে বিলম্ব করতে হয়েছে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছেন।
নিকলীর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রেহানা মজুমদার মুক্তি, করিমগঞ্জের ইউএনও উম্মে মুসলিমা, অষ্টগ্রামের ইউএনও সিলভিয়া স্নিগ্ধা, এবং মিঠামইনের ইউএনও এস.এম আব্দুল্লাহ-বিন-শফিক বিষয়টি নিশ্চিত করেছেন।
নিকলীর উপজেলার ইউএনও রেহানা মজুমদার মুক্তি জানিয়েছেন, নিকলীতে তিনটি কেন্দ্রে এসএসসি ও দাখিল পরীক্ষার্থী রয়েছে এক হাজার ১২১ জন। বৈরী আবহাওয়ার কারণে সকাল ১০টার পরিবর্তে পরীক্ষা শুরু হয়েছে ১১টা থেকে। পরীক্ষা তিন ঘণ্টাই হয়েছে।
প্রশ্নপত্র পরিবর্তন হয়নি উল্লেখ করে তিনি জানান, পরীক্ষা নির্ধারিত সেটেই অনুষ্ঠিত হয়েছে।
অন্যদিকে করিমগঞ্জের ইউএনও উম্মে মুসলিমা জানিয়েছেন, বৈরী আবহাওয়ার কারণে করিমগঞ্জের পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে কয়েকজন দূরবর্তী এলাকার এসএসসি পরীক্ষার্থী আসতে বিলম্ব করায় পরীক্ষা শুরু হয়েছে ১০ মিনিট বিলম্বে। এছাড়া অন্য কোন সমস্যা হয়নি।
আজ সারা দেশে এসএসসি পরীক্ষার্থীরা ইংরেজি দ্বিতীয় পত্র এবং দাখিল পরীক্ষার্থীরা আরবি দ্বিতীয় পত্রের পরীক্ষায় অংশ নিয়েছেন।
ইউডি/রেজা

