সকালের মধ্যে যেসব এলাকায় ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কা
উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) ২০২৬, আপডেট ২২:৪০
দেশের ওপর দিয়ে গত কয়েকদিন বজ্রসহ বৃষ্টির সঙ্গে বয়ে যাচ্ছে তীব্র কালবৈশাখী ঝড়।
এ অবস্থায় শুক্রবার (১ মে) সকালের মধ্যে দেশের বিভিন্ন জেলার ওপর দিয়ে ৬০-৮০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) রাতে দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য দেয়া সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, বৃহস্পতিবার রাত ৮টা থেকে শুক্রবার সকাল ৯টার মধ্যে রাজশাহী, পাবনা, যশোর, কুষ্টিয়া, ফরিদপুর, মাদারীপুর এবং খুলনা অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম ও উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০-৮০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে। এ সময় বৃষ্টি ও বজ্রসহবৃষ্টিও হতে পারে।
এসব এলাকার নদীবন্দরকে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।
এছাড়া ঢাকা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের ওপর পশ্চিম ও উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে। এ সময় বৃষ্টি ও বজ্রসহবৃষ্টিরও শঙ্কা রয়েছে।
এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
ইউডি/এবি

