আটক সাংবাদিকদের জামিন অন্তত দেন: নোয়াব সভাপতি
উত্তরদক্ষিণ। রবিবার, ০৩ মে, ২০২৬, আপডেট ১৮:১৪
জুলাই গণঅভ্যুত্থানের পর নানা অভিযোগ এনে সাংবাদিকদের গ্রেফতার এবং তাদের কারাগারে আটকে রাখার বিষয়ে প্রশ্ন তুলেছেন দেশের সংবাদপত্র মালিকদের সংগঠন নোয়াবের সভাপতি ও দৈনিক মানবজমিন পত্রিকার সম্পাদক মতিউর রহমান চৌধুরী। তিনি বলেন, ‘আটক সাংবাদিকদের বিরুদ্ধে হাজার অভিযোগ থাকতে পারে, কিন্তু তাদের বিরুদ্ধে খুনের মামলা দিলেন কেন? সেই মামলা চলতে থাকবে কেন? তারা বিনা বিচারে আটক থাকবেন কেন?’ এ সময় আটক সাংবাদিকদের মুক্তিরও দাবি জানান জ্যেষ্ঠ এই সাংবাদিক।
রবিবার (৩ মে) রাজধানীর রমনা এলাকায় তথ্য ভবনে ‘বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস’ উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। তথ্য মন্ত্রণালয়ের আয়োজনে এই আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।
মতিউর রহমান চৌধুরী আরও বলেন, ‘মুক্তির বিষয়ে আমরা বলবো না এই সাংবাদিকদের মামলা প্রত্যাহার করে, তারপর তাদের মুক্তি দেন। তা না করেন, জামিনটা অন্তত দেন।’
আলোচনায় অংশগ্রহণকারীদের উদ্দেশ করে তিনি আরও বলেন, ‘আপনারা আর যাই করেন, অনুগত সাংবাদিক তৈরি করবেন না। দলের সাংবাদিক হিসেবে যদি কাজ করেন, আবার একই পরিণতি হবে। আজ কী অবস্থা হলো, যারা জেলখানায় আছেন, কেউ পলাতক আছেন, কেউ এমনিতে আছেন।’
এ সময় সরকারের প্রতি অনুরোধ জানিয়ে নোয়াব সভাপতি বলেন, আপনারা বিষয়টা রিভিউ করেন। কয়দিন আগে প্রধানমন্ত্রী আমাদের কথা দিয়েছেন, তিনি বিষয়টা রিভিউ করবেন। আমি মনে করি, দ্রুত এটা যদি রিভিউ করেন, তাহলে বাংলাদেশের সাংবাদিকরা অন্তত একটু স্বস্তি পাবেন।
মতিউর রহমান চৌধুরী বলেন, অপরাধ হয়, হতেই পারে। অপরাধ কারা করেছেন, সেটা এই প্রসঙ্গেই আমি যেতে চাই না। কিন্তু ঢালাও খুনের মামলা, বিনা বিচারে আটক রাখা, এটা এই মুক্ত গণমাধ্যম দিবসের যে চেতনা, তার সম্পূর্ণ পরিপন্থি এবং এখান থেকে আমাদের বের হতে হলে আমি মন্ত্রীকে বলবো, আপনি নিজে উদ্যোগ নিয়ে এই বিষয়টার একটা সুরাহা করেন। একটা পথ খুঁজে বের করেন।
ইউডি/রেজা

