জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৮০.৩৬%

জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৮০.৩৬%

উত্তরদক্ষিণ। রবিবার, ০৩ মে, ২০২৬, আপডেট ১৯:

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। রবিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করেন। পরীক্ষার মাত্র সাত দিনের মধ্যেই ফল প্রকাশ হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, এবার ভর্তি পরীক্ষায় মোট ৪ লাখ ৫৩ হাজার ১৪৮ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। এর মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৩ লাখ ৬৪ হাজার ১৩৫ জন, যা মোট পরীক্ষার্থীর ৮০ দশমিক ৩৬ শতাংশ। কৃতকার্য শিক্ষার্থীদের মধ্য থেকে প্রথম মেধাতালিকায় স্থান পেয়েছেন ২ লাখ ২৯ হাজার ৭৬৫ জন।

বিভাগভিত্তিক ফলাফলে দেখা যায়, প্রথম মেধাতালিকায় মানবিক বিভাগ থেকে ১ লাখ ১৩ হাজার ৩৯৪ জন, বিজ্ঞান বিভাগ থেকে ৬৫ হাজার ৩৩৭ জন এবং ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে ৫১ হাজার ৩৪ জন শিক্ষার্থী স্থান পেয়েছেন।

ভর্তি পরীক্ষার ফল শিক্ষার্থীরা মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে এবং বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত ওয়েবসাইটে লগইন করে জানতে পারবেন। ওয়েবসাইটে প্রবেশ করে নির্ধারিত পিন নম্বর ও পাসওয়ার্ড ব্যবহার করে ফলাফল দেখা, ডাউনলোড কিংবা প্রিন্ট করা যাবে।

প্রথম মেধাতালিকায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থীদের অনলাইনে চূড়ান্ত ভর্তি ফরম পূরণ করতে হবে এবং ১ হাজার ১৩০ টাকা রেজিস্ট্রেশন ফি পরিশোধ করতে হবে। পরবর্তীতে নির্বাচিত কলেজে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়ে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে।

উল্লেখ্য, গত ২৫ এপ্রিল দেশের ১৩৮টি কেন্দ্রে এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৩১টি বিভাগে ৮৮০টি কলেজে মোট শূন্য আসন রয়েছে ৪ লাখ ৫২ হাজার ৮৭৫টি, যা মোট আবেদনকারীর সংখ্যার প্রায় সমান।

তবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, সরকারি ও বেসরকারি কলেজে আলাদাভাবে আবেদন নেওয়ায় বাস্তবে আসন বণ্টনে ভারসাম্য তৈরি হচ্ছে না। সরকারি কলেজে আসন সংখ্যা তুলনামূলক কম হলেও সেখানে আবেদনকারীর সংখ্যা বেসরকারি কলেজের তুলনায় প্রায় চারগুণ বেশি। ফলে উল্লেখযোগ্যসংখ্যক শিক্ষার্থী পছন্দের কলেজে ভর্তির সুযোগ থেকে বঞ্চিত হতে পারেন।

ইউডি/রেজা

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading