বিপিএলে ফিক্সিংকাণ্ডে নিষিদ্ধ ৫ জন
উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার (০৭ মে) ২০২৬, আপডেট ২৩:৫৫
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১২তম আসরকে কেন্দ্র করে ওঠা ফিক্সিংয়ের অভিযোগের সত্যতা পেয়েছে বিসিবি। ৯০০ পৃষ্ঠার তদন্ত প্রতিবেদনের ওপর ভিত্তি করে ক্রিকেটার, ফ্র্যাঞ্চাইজি মালিক ও ম্যানেজারসহ মোট পাঁচজনের বিরুদ্ধে দুর্নীতিবিরোধী বিধিমালা লঙ্ঘনের দায়ে অভিযোগ গঠন করা হয়েছে। অভিযুক্তদের আপাতত সব ধরনের ক্রিকেটীয় কর্মকাণ্ড থেকে সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।
বিসিবির ইনটেগ্রিটি ইউনিটের তদন্তে যাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া গেছে তারা হলেন, ঘরোয়া ক্রিকেটার অমিত মজুমদার, টিম ম্যানেজার মো. লাবলুর রহমান, ফ্র্যাঞ্চাইজি সহ-মালিক মো. তৌহিদুল হক তৌহিদ, আরেক টিম ম্যানেজার রেজওয়ান কবির সিদ্দিকী এবং সামিনুর রহমান নামে এক ব্যক্তি।
তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, ক্রিকেটার অমিত মজুমদার এবং টিম ম্যানেজার রেজওয়ান কবির সিদ্দিকী সরাসরি ক্রিকেট ম্যাচের ফলাফল বা পরিস্থিতির ওপর বাজিতে অংশ নিয়েছেন। অন্যদিকে, লাবলুর রহমান ও তৌহিদুল হক তৌহিদের বিরুদ্ধে তদন্ত কর্মকর্তাদের কাজে বাধা দেওয়া, তথ্য গোপন করা এবং প্রমাণ মুছে ফেলার মতো গুরুতর অভিযোগ আনা হয়েছে।
বিসিবি জানিয়েছে, অভিযুক্ত ব্যক্তিদের অভিযোগের জবাব দেওয়ার জন্য ১৪ দিন সময় দেওয়া হয়েছে। এই সময়ের মধ্যে তারা নিজেদের আত্মপক্ষ সমর্থন করতে পারবেন। এই প্রক্রিয়া চলাকালীন বিসিবি এই বিষয়ে আর কোনো মন্তব্য করবে না।
ইউডি/এবি

