ঈদের ছুটি ঘোষণা
উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার (০৭ মে) ২০২৬, আপডেট ২৩:২৫
আসন্ন ঈদুল আজহায় লম্বা ছুটি পাচ্ছেন সরকারি-বেসরকারি চাকরিজীবীরা। এবারের ঈদে সাতদিনের ছুটি ঘোষণা করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।
বৃহস্পতিবার (৭ মে) সন্ধ্যা পৌনে ৭টায় বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিসভার সপ্তম বৈঠকে এই সিদ্ধান্ত হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আসন্ন পবিত্র ঈদুল আজহা আগামী ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত ছুটি ঘোষণা করা হয়েছে। ২৩ ও ২৪ মে ২০২৬ তারিখে অফিস খোলা থাকবে।
এদিকে, বৈঠকে ‘জাতীয় পাবলিক টয়লেট নীতিমালা-২০২৬’ এর খসড়া অনুমোদন করা হয়েছে। বিষয়টির উদ্যোক্তা স্থানীয় সরকার বিভাগ। এই নীতিমালার প্রধান উদ্দেশ্য পাবলিক টয়লেট ব্যবহার, রক্ষণাবেক্ষণ ও পরিচ্ছন্নতার বিষয়ে জনসাধারণের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা, সারা দেশে স্বাস্থ্যসম্মত ও মানসম্মত পাবলিক টয়লেট সুবিধার সহজলভ্যতা নিশ্চিত করে জনস্বাস্থ্য এবং সার্বিক পরিচ্ছন্নতার মান উন্নত করা, নারী, শিশু, প্রতিবন্ধী ব্যক্তি, বয়স্ক, ও প্রান্তিক জনগোষ্ঠীর জন্য ব্যবহারবান্ধব টয়লেট সুবিধা নিশ্চিত করা, পাবলিক টয়লেট ব্যবস্থার দীর্ঘমেয়াদি কার্যকারিতা ও স্থায়িত্বের জন্য কার্যকর ব্যবস্থাপনা মডেল এবং অর্থায়ন নিশ্চিত করা, নীতিমালার বাস্তবায়ন পর্যবেক্ষণ, মূল্যায়ন এবং প্রয়োজন অনুযায়ী এটিকে যুগোপযোগী করার জন্য কার্যকর ব্যবস্থা গড়ে তোলা।
ইউডি/এবি

