শূকরের কিডনিতে মানুষের ৯ মাস বেঁচে থাকার রেকর্ড
উত্তরদক্ষিণ। শুক্রবার, ০৪ সেপ্টেম্বর, ২০২৬, আপডেট ২৩:২০
শূকরের কিডনি ব্যবহার করে রেকর্ড নয় মাস ডায়ালাইসিস ছাড়া বেঁচে থাকার নজির গড়েছেন আমেরিকার একজন রোগী।
এ সাফল্য ভবিষ্যতে চিকিৎসা জগতে মানব অঙ্গের সংকট ঠেকাতে ভূমিকা রাখতে পারে বলে মনে করছেন গবেষকরা।
নিউ হ্যাম্পশায়ারের ৬৬ বছর বয়সি টিম অ্যান্ড্রুজের শরীরে যে কিডনি ব্যবহার করা হয়, সেটি ইউক্যাটান প্রজাতির ‘উইলমা’ নামে একটি শূকরের।
ব্রিটেনভত্তিক সংবাদমাধ্যম গার্ডিয়ান লিখেছে, টাইপ-২ ডায়াবেটিসে আক্রান্ত অ্যান্ড্রুজের ক্ষেত্রে মানুষের কিডনি পাওয়ার সম্ভাবনা ছিল ক্ষীণ। এ অবস্থায় অন্য প্রাণীর অঙ্গ প্রতিস্থাপনকে সমাধান হিসেবে বেছে নেন চিকিৎসকরা।
‘জেনোগ্রাফ্ট’ নামের এ চিকিৎসা পদ্ধতি দীর্ঘদিন ধরেই ব্যবহার করা হচ্ছে।
অ্যান্ড্রুজের রোগ প্রতিরোধ সক্ষমতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করতে মার্কিন চিকিৎসকরা ‘উইলমা’ শূকরের কিডনিতে জিনগত কিছু পরিবর্তন আনেন। কিডনিটি অ্যান্ড্রুজকে টানা নয় মাস ডায়ালাইসিসমুক্ত রাখে, যা নজিরবিহীন।
এরপর কিডনিটি কার্যসক্ষমতা হারাতে শুরু করে। এর মধ্যে অবশ্য মারা যাওয়া এক দাতার কিডনি পেয়ে যান অ্যান্ড্রুজ।
এর আগে ২০২৪ সালে জীবিত মানুষের দেহে প্রথমবারের মতো শূকরের কিডনি প্রতিস্থাপন হয়। কিন্তু নানা জটিলতায় সেই রোগী ৫২ দিন বেঁচে ছিলেন।
‘ল্যানসেট’ মেডিকেল জার্নালের তথ্য অনুসারে, এর আগে কোনো গবেষণাতেই দুই মাসের বেশি সময় ধরে শূকরের জেনোগ্রাফ্ট টিকে থাকার নজির ছিল না।
চিকিৎসার এ সাফল্যকে ‘অলৌকিক’ হিসেবে বর্ণনা করেছেন অ্যান্ড্রুজ।
তার ভাষায়, “আমি বেঁচে আছি- এই অনভূতি আমার এতদিন ছিল না।”
শূকরের কিডনি প্রতিস্থাপনের পর নিজের শারীরিক অবস্থা বর্ণনা করতে গিয়ে তিনি বলেছেন, রান্না করা, ঘর পরিষ্কার করা ও পোষা কুকুরের সঙ্গে দীর্ঘ সময় ধরে হাঁটাহাটি করতে পারেন।
‘ল্যানসেট’ সাময়িকীতে এ সাফল্যের বিস্তারিত প্রকাশ পেয়েছে, যা কিডনি বিকল হয়ে যাওয়া বিশ্বজুড়ে লাখ লাখ মানুষের মনে নতুন জীবনের স্বপ্ন ও আশার সঞ্চার করতে পারে।
ম্যাসাচুসেটস জেনারেল ব্রিগহামের গবেষকদের তথ্য অনুসারে, অ্যান্ড্রুজের দেহে প্রতিস্থাপনের আগে ‘উইলমা’ নামের শূকরটির জিনোম বা জিন বিন্যাসে মোট ৬৯টি সুনির্দিষ্ট পরিবর্তন আনা হয়।
কিছু পরিবর্তন আনা হয় মানবদেহের জন্য ঝুঁকিপূর্ণ বিভিন্ন ভাইরাস ঠেকানোর উদ্দেশ্যে। বাকি পরিবর্তনগুলো করা হয় অঙ্গটিকে মানবদেহের উপযোগী করে তোলার জন্য।
ম্যাসাচুসেটসের অলাভজনক চিকিৎসাপ্রতিষ্ঠান ‘ম্যাস জেনারেল ব্রিগহাম’-এর বিশেষজ্ঞ দলটি বলেছে, একজন মৃত মানব দাতার কিডনি পাওয়ার আগে অ্যান্ড্রুজ জিনগতভাবে সম্পাদিত এ কিডনি সফলভাবে ২৭১ দিন ব্যবহার করেছেন।
চিকিৎসকরা বলছেন, জীবিত মানুষের ক্ষেত্রে শূকরের কিডনি প্রতিস্থাপনের পর এটাই ডায়ালাইসিস ছাড়া দীর্ঘতম সময় বেঁচে থাকার রেকর্ড এবং বিশ্বে মানব কিডনিতে রূপান্তরের প্রথম ঘটনা।
ইউডি/এবি

