মায়ের ভালোবাসার কোনো দৈর্ঘ্য-প্রস্থ নেই: ওমর সানী

মায়ের ভালোবাসার কোনো দৈর্ঘ্য-প্রস্থ নেই: ওমর সানী

উত্তরদক্ষিণ। রবিবার, ১০ মে, ২০২৬, আপডেট ১১:৪৮

নব্বই দশকের জনপ্রিয় চিত্রনায়ক ওমর সানীর কাছে ‘মা’ এক আবেগময় শব্দ। মায়ের প্রতি তার শ্রদ্ধা-ভালোবাসার কথা অনেকেরই জানা। রাইজিংবিডির সঙ্গে আলাপকালে ওমর সানী বলেন—“মায়ের ভালোবাসা কোনো সীমানায় বাঁধা সম্ভব নয়।”

পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তের পরিধি মাপা সম্ভব হলেও মায়ের প্রতি ভালোবাসার গভীরতা বা পরিধি মাপা অসম্ভব বলে মনে করেন ওমর সানী। তার মতে, “পৃথিবীর এক কোণা থেকে অন্য কোণার দৈর্ঘ্য-প্রস্থ কত আমি জানি না, মা দিবসের অনুভূতিতেও তেমন কোনো দৈর্ঘ্য-প্রস্থ থাকার কথা না।”

অভিনেতা ওমর সানীর জীবনে মে মাস অদ্ভুত এক সমীকরণে ঘেরা। এই মাসেই তার জন্ম, আবার এই মাসেই মাকে হারিয়েছেন। ওমর সানী বলেন, “এই মে মাস আমার জীবনের অন্যতম একটি মাস। কারণ এই মাসেই আমার জন্ম এবং এই মে মাসের ২৩ তারিখেই আমার মা মৃত্যুবরণ করেন। কত বড় অভিনেতা হতে পারলে মাকে মিস করার গভীরতা বোঝানো যায়, তা আমার জানা নেই। সাগরের গভীরতা কতটুকু তা-ও আমি জানি না।”

মায়ের সম্মান নিয়ে ধর্মীয় ও নৈতিক মূল্যবোধের কথাও ব্যাখ্যা করেছেন ওমর সানী। তিনি বলেন, “আল্লাহ তাআলা সন্তানদের মায়ের সঙ্গে উঁচু গলায় কথা বলতে নিষেধ করেছেন। ফেরেশতারাও তখন সজাগ হয়ে যান। মায়ের সম্মান সবসময় অনন্য।”

দীর্ঘ ২৫ বছর আগে মাকে হারিয়েছেন ওমর সানী। এই শূন্যতা আজও তাকে তাড়িয়ে বেড়ায়। শাড়ির দোকানে গেলে আজও মায়ের কথা ভেবে বিষণ্ণ হয়ে পড়েন। কাকে শাড়ি কিনে দেবেন, সেই আক্ষেপ তাকে পোড়ায়। অথচ পাঞ্জাবির দোকানে গেলে খুব দ্রুতই কেনাকাটা সেরে ফেলা যায় বলে জানান এই তারকা।

ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের কাছে মায়ের জন্য দোয়া চেয়েছেন ওমর সানী। তিনি বলেন, “আমি ২৫ বছর যাবত মাকে মিস করছি। মা দিবসে সবার কাছে শুধু এটুকুই চাওয়া—সবাই আমার মায়ের জন্য দোয়া করবেন যেন, আল্লাহ তাআলা তাকে জান্নাত নসিব করেন।”

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading