আইনজীবী হত্যা মামলায় চিন্ময় দাসকে জামিন দেননি হাইকোর্ট

আইনজীবী হত্যা মামলায় চিন্ময় দাসকে জামিন দেননি হাইকোর্ট

উত্তরদক্ষিণ। রবিবার, ১০ মে, ২০২৬, আপডেট ১৩:১৩

চট্টগ্রামে আইনজীবী আলিফ হত্যা মামলায় বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় দাসকে জামিন দেননি হাইকোর্ট। অপর চার মামলার জামিন আদেশ সোমবার (১১ মে) দেবেন আদালত।

রবিবার (১০ মে) তার বিষয়ে রুল খারিজ করে বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন। অপর চার মামলায় তার জামিন বিষয়ে আদেশের জন্য সোমবার দিন ধার্য করেছেন আদালত।

আদালতে চিন্ময়ের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট অপূর্ব কুমার ভট্টাচার্য। রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শায়লা শারমিন, সহকারী অ্যাটর্নি জেনারেল মো. আলামিন।

এর আগে গত বছরের ১ সেপ্টেম্বর হত্যাসহ পাঁচ মামলায় চিন্ময় দাসের জামিন প্রশ্নে রুল দেন হাইকোর্ট। পরে গত বৃহস্পতিবার (৭ মে) শুনানি শেষে রায়ের জন্য ১০ মে দিন ঠিক করেন আদালত।

জাতীয় পতাকা অবমাননার অভিযোগে রাষ্ট্রদ্রোহ মামলায় গত বছরের ৩০ এপ্রিল হাইকোর্টে তার জামিন মঞ্জুরের পর ওই পাঁচ মামলায় গ্রেফতার দেখানো হয়।

২০২৪ সালের ৩১ অক্টোবর চট্টগ্রামের চান্দগাঁও মোহরা ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ফিরোজ খান বাদী হয়ে কোতোয়ালি থানায় চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীসহ ১৯ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগে মামলা করেন। এ মামলায় ওই বছরের ২৫ নভেম্বর চিন্ময় দাসকে গ্রেফতার করা হয়। পরদিন ২৬ নভেম্বর তাকে চট্টগ্রাম আদালতে হাজির করা হয়। আদালত জামিন মঞ্জুর না করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। সেই সময় চিন্ময় দাসের অনুসারীরা তার মুক্তির দাবিতে আদালত প্রাঙ্গণে বিক্ষোভ শুরু করেন এবং তাকে কারাগারে নিতে বাধা দেন। এ সময় সংঘর্ষে আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে কুপিয়ে হত্যা করেন চিন্ময়ের সমর্থকরা।

পরে তার বাবা একটি হত্যা মামলা করেন। এ ছাড়া পুলিশের ওপর হামলা, কাজে বাধার, আইনজীবী ও বিচারপ্রার্থীদের ওপর হামলা ও ককটেল বিস্ফোরণের ঘটনায় আরও ৫টি মামলা হয়।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading