মা-বাবাকে বেড়াতে নিতে ৩ দিনের ছুটি ও ভ্রমণ খরচ দিল অফিস!
উত্তরদক্ষিণ। রবিবার, ১০ মে, ২০২৬, আপডেট ১৪:১৮
মা দিবস উপলক্ষে কর্মীদের জন্য এক ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন ইন্ডিয়ার দিল্লিভিত্তিক একটি মার্কেটিং ও পিআর প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রজত গ্রোভার। কর্মীদের মা-বাবার সঙ্গে সময় কাটাতে উৎসাহ দিতে তিনি ঘোষণা দিয়েছেন তিন দিনের সবেতন ছুটি ও ভ্রমণ খরচ সহায়তা।
রবিবার (১০ মে) সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিও বার্তায় রজত গ্রোভার বলেন, আধুনিক জীবনের ব্যস্ততায় অনেক সন্তানই ধীরে ধীরে বাবা-মায়ের কাছ থেকে দূরে সরে যাচ্ছে। প্রতিদিনের কর্মব্যস্ততায় তারা হয়তো সকালে বের হন, রাতে বাসায় ফেরেন—কিন্তু মা-বাবার সঙ্গে মন খুলে কথা বলার সময় হয়ে ওঠে না।
তিনি বলেন, ‘আমরা অনেক সময় আমাদের মা-বাবাকে জিজ্ঞেসই করি না তারা কেমন আছেন। তাদের স্বপ্ন, ইচ্ছা কিংবা স্বাস্থ্যের খবরও অনেক ক্ষেত্রে অজানা থেকে যায়।’
এই বাস্তবতা থেকেই কর্মীদের জন্য ‘প্যারেন্টাল পার্ক’ নামে বিশেষ সুবিধার ঘোষণা দেন তিনি। এর আওতায় কর্মীরা টানা তিন দিনের সবেতন ছুটি পাবেন, যাতে তারা বাবা-মাকে নিয়ে কোথাও ঘুরতে যেতে পারেন। শুধু ছুটিই নয়, প্রতিষ্ঠানটির পক্ষ থেকে দেওয়া হবে ১০ হাজার রুপি ভ্রমণ সহায়তা।
ভিডিও বার্তায় রজত কর্মীদের উদ্দেশে বলেন, মা-বাবাকে জিজ্ঞেস করুন তাদের প্রিয় খাবার কী, কিংবা জীবনে কোন জায়গায় ঘুরতে যাওয়ার স্বপ্ন দেখেছেন। তারপর টিকিট বুক করুন, ব্যাগ গুছিয়ে বেরিয়ে পড়ুন। এই সময়টা শুধুই তাদের জন্য।’
ভিডিওর ক্যাপশনে তিনি আরও লেখেন, যারা সারা জীবন আমাদের প্রতিটি ইচ্ছায় ‘হ্যাঁ’ বলে গেছেন, আমরা তাদের জন্য প্রায়ই বলি—‘একদিন করব’। অথচ তারা কোন প্রতিদানের আশা না করেই আমাদের জন্য তাদের সময়, শক্তি, স্বপ্ন এবং জীবনের সেরা বছরগুলো উৎসর্গ করেছেন।”
রজত গ্রোভারের এই উদ্যোগ সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। অনেকেই এটিকে মানবিক ও অনুপ্রেরণাদায়ক পদক্ষেপ হিসেবে উল্লেখ করেছেন। পাশাপাশি অন্যান্য প্রতিষ্ঠানকেও কর্মীদের পারিবারিক সম্পর্ককে গুরুত্ব দিয়ে এমন উদ্যোগ নেয়ার আহ্বান জানিয়েছেন।
ইউডি/রেজা

