জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষের সর্বশেষ আশ্রয়স্থল মা: মির্জা ফখরুল

জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষের সর্বশেষ আশ্রয়স্থল মা: মির্জা ফখরুল

উত্তরদক্ষিণ। রবিবার, ১০ মে, ২০২৬, আপডেট ১৬:১৫

আন্তর্জাতিক মা দিবস উপলক্ষে বাংলাদেশসহ বিশ্বের সব মায়ের প্রতি শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে তিনি সব মায়ের সুস্বাস্থ্য ও সমৃদ্ধি কামনা করেছেন। তিনি বলেন, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষের সর্বশেষ আশ্রয়স্থল হচ্ছেন মা।

রবিবার (১০ মে) আন্তর্জাতিক মা দিবস উপলক্ষে তিনি এক শুভেচ্ছা বার্তায় এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, মাকে শ্রদ্ধা জানানোর জন্য আলাদা কোন দিনক্ষণ প্রয়োজন না হলেও ভালোবাসা প্রকাশের জন্য মা দিবসের আলাদা গুরুত্ব রয়েছে।

স্থানীয় সরকারমন্ত্রী বলেন, পরিবারে মা একটি অপরিহার্য ও মহিমান্বিত প্রতিষ্ঠান। মায়ের শিক্ষাতেই শিশুর ভবিষ্যৎ নির্মিত হয়। একজন সুমাতার সান্নিধ্যে সন্তানের উৎকর্ষ ও মানবিক গুণাবলির বিকাশ ঘটে।

বিএনপি মহাসচিব বলেন, সন্তানের সাফল্যের পেছনে মায়ের উদ্যম, ত্যাগ ও সংগ্রামের বড় ভূমিকা থাকে। সন্তানদের গড়ে তুলতে মায়েরা আপসহীন ও সংগ্রামী ভূমিকা পালন করেন।

বাণীতে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অবদানের কথাও উল্লেখ করেন মির্জা ফখরুল। তিনি বলেন, নারী সমাজের অগ্রগতিতে খালেদা জিয়ার অবদান দেশ-বিদেশে প্রশংসিত হয়েছে। আর্থিক ও সামাজিক অগ্রগতিতেও তার ভূমিকা ‘কিংবদন্তিতুল্য’ বলে মন্তব্য করেন তিনি।

একই সঙ্গে তিনি বলেন, গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে নানা প্রতিকূলতার মধ্যেও খালেদা জিয়া তার দায়িত্ব থেকে বিচ্যুত হননি। এ কারণে তিনি জাতীয় ও আন্তর্জাতিক পরিসরে ‘গণতন্ত্রের মা’ হিসেবে শ্রদ্ধেয় হয়ে আছেন।

মির্জা ফখরুল দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, সবাই যেন মায়েদের প্রতি যথাযথ সম্মান ও দায়িত্ব পালন করেন। কারণ, সন্তানদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে মায়ের মর্যাদা সম্পর্কে সচেতনতা জরুরি।

ইউডি/রেজা

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading