পাকিস্তানের মধ্যস্থতায় মার্কিন প্রস্তাবের জবাব দিল ইরান
উত্তরদক্ষিণ। রবিবার (১০ মে) ২০২৬, আপডেট ২২:৩৫
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত নিরসনে আমেরিকার দেওয়া সর্বশেষ শান্তি প্রস্তাবের আনুষ্ঠানিক জবাব দিয়েছে ইরান।
মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানের মাধ্যমে এই জবাব পাঠানো হয়েছে বলে রোববার (১০ মে) ইরানি সংবাদমাধ্যম আইআরএনএ এবং আল জাজিরার প্রতিবেদনে জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, প্রস্তাবিত পরিকল্পনা অনুযায়ী আলোচনার প্রথম পর্যায়ে শত্রুতা বন্ধের ওপর বিশেষ গুরুত্ব দিয়েছে ইরান। ইসলামাবাদ থেকে আল জাজিরার প্রতিবেদক কামাল হায়দার জানিয়েছেন যে পাকিস্তানি কর্মকর্তারা ইরানের বার্তা পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। এখন দেখার বিষয় হলো পাকিস্তান কখন এই বার্তাটি ওয়াশিংটনের কাছে পৌঁছে দেয় এবং এর পরিপ্রেক্ষিতে আমেরিকার প্রতিক্রিয়া কী হয়।
সংঘাত বন্ধে এর আগেও আমেরিকা ও ইরান একাধিকবার পাল্টাপাল্টি প্রস্তাব পাঠালেও কোনো পক্ষই একমতে পৌঁছাতে পারেনি। এই অচলাবস্থা কাটাতে গত সপ্তাহে ইরানের কাছে ১৪ দফার একটি নতুন প্রস্তাব পাঠায় আমেরিকা। গত শুক্রবারের মধ্যে এই প্রস্তাবের জবাব আশা করা হলেও ইরান কিছুটা সময় নিয়ে আজ তাদের অবস্থান পরিষ্কার করল। উল্লেখ্য যে গত ১১ ও ১২ এপ্রিল ইসলামাবাদে দুই দেশের শীর্ষ কর্মকর্তাদের মধ্যে বৈঠক হলেও কোনো সমঝোতা ছাড়াই তা শেষ হয়েছিল।
ইউডি/এবি

