হামে শিশু মৃত্যু ছাড়াল ৪০০
উত্তরদক্ষিণ। রবিবার (১০ মে) ২০২৬, আপডেট ২২:০০
হাম ও এই রোগের উপসর্গ নিয়ে রবিবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় আরও ১১ শিশুর মৃত্যু হয়েছে। এদের মধ্যে ৪ জন হামে মারা গেছে।
বাকিদের হামের উপসর্গ ছিল। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মোট ৩৪৪ শিশুর মৃত্যু হয়েছে। আর হামে ৬৫টি শিশুর মৃত্যু হয়েছে। সব মিলিয়ে চলতি বছর ৪০৯ শিশুর মৃত্যু হলো।
রবিবার (১০ মে) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর নতুন করে হামের মৃত্যুর তথ্য সমন্বয় করায় সংবাদ বিজ্ঞপ্তিতে দেওয়ার তথ্যে হামের মৃত্যুর সংখ্যায় বিরাট পরিবর্তন এসেছে। নতুন করে তিন হাসপাতালে হাম ও উপসর্গ নিয়ে মারা যাওয়া মৃত্যুর তথ্য যুক্ত হওয়ায় একদিনে ৫৭টি শিশুর মৃত্যুর সংখ্যা যুক্ত করা হয়েছে।
যদিও গত একদিনে সারাদেশে ১১ শিশুর মৃত্যু হয়েছে। বাকি শিশুর মৃত্যু ঘোষণা আগের। তিন হাসপাতালের মধ্যে রয়েছে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল, রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল এবং শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল।
ইউডি/এবি

