ফের চালু হচ্ছে রৌমারী-চিলমারী ফেরি চলাচল

ফের চালু হচ্ছে রৌমারী-চিলমারী ফেরি চলাচল

উত্তরদক্ষিণ। বুধবার, ১৩ মে, ২০২৬, আপডেট ১৭:২০

কুড়িগ্রামের রৌমারী-চিলমারী নৌরুটে ফেরি চলাচল আবারও চালু হচ্ছে। ব্রহ্মপুত্র নদের পানি বৃদ্ধি পাওয়ায় ফেরি চলাচলের অনুকূল পরিবেশ সৃষ্টি হয়েছে। সেজন্যই চার মাস ২৩ দিন বন্ধ থাকার পর আবার এ সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।

বুধবার বিষয়টি নিশ্চিত করেছেন বিআইডব্লিউটিসি চিলমারী অঞ্চলের সহকারী ব্যবস্থাপক আকিব সোহেল আকাশ ও সহকারী ব্যবস্থাপক মো. নুরন্নবী।

তারা জানান, আগামীকাল (বৃহস্পতিবার) রৌমারী ঘাট থেকে ‘কদম’ ফেরি চিলমারীর উদ্দেশে ছেড়ে আসবে। পরে ‘কুঞ্জলতা’ ফেরিও এ রুটের ট্র্যাফিকে যুক্ত হবে।

জানা গেছে, দীর্ঘদিনের আন্দোলনের পর ২০২৩ সালের ২০ সেপ্টেম্বর রৌমারী-চিলমারী নৌরুটে ফেরি সার্ভিস চালু হয়। তবে চালুর পর থেকেই নাব্যতা সংকটের কারণে একাধিকবার বন্ধ হয়ে পড়ে। সর্বশেষ নাব্য সংকটের কারণে গত বছরের ১৯ নভেম্বর থেকে পুরোপুরি বন্ধ ছিল।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এবার ড্রেজিং কার্যক্রম পরিচালনার ফলে ফেরি চলাচলের দূরত্ব প্রায় ৬ থেকে ৭ কিলোমিটার কমে আসবে। এছাড়া আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে ২৪ ঘণ্টা ফেরি চলাচলের পরিকল্পনাও রয়েছে।

আকিব সোহেল আকাশ বলেন, ‘ফেরি চালুর জন্য ঘাট এলাকায় প্রয়োজনীয় প্রস্তুতিমূলক কাজ সম্পন্ন হয়েছে। সবকিছু ঠিক থাকলে বৃহস্পতিবার থেকেই ফেরি চলাচল শুরু হবে।’

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading