বছরের শুরুতে এসএসসি, মাঝামাঝিতে এইচএসসি নেওয়ার প্রস্তাব
উত্তরদক্ষিণ। বুধবার (১৩ মে) ২০২৬, আপডেট ২১:৫০
এসএসসি ও এইচএসসি পরীক্ষা ডিসেম্বরে আয়োজনে শিক্ষামন্ত্রীর প্রস্তাবের বিপক্ষে মত দিয়ে শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকসহ অংশীজনরা জানুয়ারিতে এসএসসি এবং জুনে এইচএসসি ও সমমান পরীক্ষা নেওয়ার প্রস্তাব দিয়েছেন।
বুধবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগে অনুষ্ঠিত এক সভায় অংশীজনরা এমন প্রস্তাব তুলে ধরেছেন বলে জানিয়েছেন সভায় অংশ নেওয়া কর্মকর্তারা।
সভা শেষে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ও আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার বলেন, “সভায় কোনো চূড়ান্ত সিদ্ধান্ত না হলেও এটাকে মোটামুটি প্রাথমিক সিদ্ধান্ত বলা চলে। আমরা তাদের এই মতামতকে ধরেই এগোচ্ছি।”
বর্তমানে এপ্রিলে এসএসসি ও সমমান এবং জুলাইতে এইচএসসি ও সমমান পরীক্ষা আয়োজিত হচ্ছে।
সভা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।
তিনি বলেন, “শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক, শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান এবং বিশেষজ্ঞদের মতামতের ভিত্তিতে সরকার সিদ্ধান্ত নিতে চায়। পরীক্ষা কবে আয়োজন করা হবে এবং কীভাবে সময়সূচির সঙ্গে সমন্বয় আনা যায়, সে বিষয়েই মূলত আলোচনা হয়েছে।
ইউডি/এবি

