প্রতিবন্ধী বজলু হাওলাদারের মানবেতর জীবনযাপন, সরকারি সহায়তার দাবি
উত্তরদক্ষিণ। বুধবার, ১৩ মে, ২০২৬, আপডেট ২২:৪০
পটুয়াখালীর বাউফল সদর ইউনিয়ন বাগ এলাকায় প্রতিবন্ধী বজলু হাওলাদার (৫৫) দীর্ঘদিন ধরে ছোট একটি দোকান চালিয়ে মানবেতর জীবনযাপন করছেন। প্রতিদিন মাত্র ৮০ থেকে ১০০ টাকা আয় করে পাঁচ সদস্যের পরিবার নিয়ে কোন রকমে দিন কাটছে তার।
স্থানীয় সূত্রে জানা যায়, বর্তমানে যে ছোট দোকানটি দিয়ে বজলু হাওলাদার জীবিকা নির্বাহ করছেন, সেটি সাবেক ইউএনও আমিনুল ইসলাম তাকে করে দিয়েছিলেন। তবে বর্তমান সময়ে সেই দোকানের আয়ে সংসার চালানো অত্যন্ত কষ্টসাধ্য হয়ে পড়েছে।
বজলু হাওলাদার বলেন, “আমি কারও কাছে হাত পাততে চাই না। এই ছোট দোকান দিয়েই কোন রকমে সংসার চালাই। যদি সরকারি ভাবে আমার দোকানটা একটু বড় করে দেওয়া হয় এবং কিছু মালামাল তুলে দেওয়া হয়, তাহলে আমি ব্যবসা করে পরিবার নিয়ে ভালোভাবে চলতে পারব।
স্থানীয় বাসিন্দা উজ্জ্বল হোসেন বলেন,
“বজলু হাওলাদার চাচা খুবই ভালো মানুষ। তিনি কখনো কারও কাছে সাহায্য চান না। তার জায়গায় অন্য কেউ হলে হয়তো মানুষের কাছে হাত পেতে চলতো। কিন্তু তিনি পরিশ্রম করে খেতে চান। কোন প্রভাবশালী ব্যক্তি বা সরকারি সহযোগিতা পেলে তার অনেক উপকার হবে।
আরেক স্থানীয় বাসিন্দা আর করিম বলেন,
“আমার ৬৫ বছরের জীবনে কখনো দেখিনি বজলু হাওলাদার কারও কাছে দুই টাকা চেয়ে নিয়েছে। আগে মাছ ও সবজি বিক্রি করে সংসার চালাতো। এখন বয়সের কারণে আগের মতো কাজ করতে পারে না। এই ছোট দোকানই তার একমাত্র ভরসা।”
এলাকাবাসীর দাবি, মানবিক দিক বিবেচনায় সরকারি কিংবা সমাজের বিত্তবানদের এগিয়ে এসে বজলু হাওলাদারের দোকানটি সম্প্রসারণ ও আর্থিক সহায়তা প্রদান করা প্রয়োজন।
ইউডি/রেজা/রুবেল হোসেন

