আদালত চত্তরে সদ্য সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার (১৪ মে) ২০২৬, আপডেট ২৩:০০
কিছুদিন আগেও ছিলেন ইন্ডিয়ার পশ্চিমবঙ্গের ক্ষমতাধর মুখ্যমন্ত্রী। দীর্ঘ ১৫ বছরের ক্ষমতার অবসান হতেই আইনজীবী বেশে প্রথমবারের মত রাজ্যের হাইকোর্টে গিয়ে বিক্ষোভ ও গালাগাল শুনলেন সদ্য সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
বিক্ষোভকারীরা মমতাকে ঘিরে ধরে ‘চোর চোর’ স্লোগান দেন। এছাড়া অশ্রাব্য গালাগালিও করা হয়। প্রথমে প্রতিবাদের চেষ্টা করলেও এক পর্যায়ে মমতাকে সেখান থেকে গাড়িতে সড়িয়ে নেন তার লোকজন। যাওয়ার সময় মমতা অভিযোগ করেন, বিক্ষোভকারীরা তাকে মারধর করেছে। ঘটনার জন্য তিনি ক্ষমতাসীন বিজেপি সমর্থিত আইনজীবীদের দায়ী করেন।
ভোট পরবর্তী একটি সহিংসতার ঘটনা নিয়ে তৃণমূল বিধায়ক কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ছেলে আইনজীবী শীর্ষণ্য বন্দ্যোপাধ্যায় জনস্বার্থে ওই মামলাটি করেন। মামলার শুনানি হয় বৃহস্পতিবার সকালে। ওই মামলাতেই আইনজীবী হিসাবে শুনানির জন্য এজলাসে যান মমতা।
আনন্দবাজারের খবরে বলা হয়, বৃহস্পতিবার বেলা ১১টার কিছু আগে হাই কোর্ট চত্বরে যান মমতা। আইনজীবীর পোশাকে তিনি হাজির হন প্রধান বিচারপতি সুজয় পালের এজলাসে। সেখানে বাদীর পক্ষে শুনানিতে অংশ নেন। কিন্তু এজলাস থেকে বের হওয়ার সময়েই ঘটে বিপত্তি।
তৃণমূল কংগ্রেস নেত্রী যে মামলা লড়তে গেছেন, সে কথা ততক্ষণে ছড়িয়ে পড়েছিল হাইকোর্টের আইনজীবী মহলে। শুনানি পর্ব শেষে এজলাস থেকে বেরিয়েই লবিতে বিক্ষুব্ধ আইনজীবীদের একাংশের সামনে পড়ে যান মমতা। প্রাক্তন মুখ্যমন্ত্রীকে দেখতে পেয়েই তার বিরুদ্ধে ‘চোর’ স্লোগান দিতে থাকেন আইনজীবীদের একাংশ। ভিড়ের মধ্যে মমতাকে গালাগালও করা হয়।
ইউডি/এবি

