ব্রয়লারের কেজি ২০০, ডিমের ডজন ১৫০

ব্রয়লারের কেজি ২০০, ডিমের ডজন ১৫০

উত্তরদক্ষিণ। শুক্রবার, ১৫ মে, ২০২৬, আপডেট ১১:৩৭

ছুটির দিনে রাজধানীর বাজারে মুরগি ও ডিমের দাম বেড়েছে। ব্রয়লার মুরগি ২০০ টাকা কেজি দরে বিক্রি হলেও ডিমের ডজন ১৫০ টাকা। আর দেশি মুরগির জন্য ক্রেতাকে ৭০০ থেকে ৮০০ টাকা খরচ করতে হচ্ছে। সোনালি মুরগি বিক্রি হচ্ছে ৩৩০ থেকে ৩৫০ টাকা।

শুক্রবার (১৫ মে) রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে এমন চিত্র দেখা যায়।

জানা গেছে, গত মাসে সোনালি মুরগির কেজি ছিল ৩০০ থেকে ৩২০ টাকা। এখন বেড়ে হয়েছে ৩৩০ থেকে ৩৫০০ টাকা। আর দেশি মুরগি সাড়ে ৬০০ থেকে ৭০০ টাকা থেকে বেড়ে বিক্রি হচ্ছে সাড়ে ৭০০ থেকে ৮০০ টাকায়। এদিকে, ১৭৫ থেকে বেড়ে ২০০ টাকা কেজিতে ব্রয়লার মুরগি বিক্রি করা হচ্ছে।

রায়ের বাজারে মুরগী বিক্রেতা আনিস মিয়া বলেন, রোজার ঈদের পর মুরগির দাম কিছুটা কমেছিল। আমরা ব্রয়লারের কেজি ১৭০ থেকে ১৭৫ টাকা বিক্রি করেছি। এই সপ্তাহে কিছুটা দাম বেড়েছে। বর্তমানে ২০০ টাকা খুচরা বিক্রি করছি।

তিনি আরও বলেন, সোনালীর দাম ১৫ থেকে ২০ টাকা কেজিতে বেড়েছে। বর্তমানে ৩৫০ টাকা বিক্রি করা হচ্ছে। দেশি মুরগি তো পাওয়া যাচ্ছে না। পেলে ৭০০ টাকার উপরে বিক্রি করা হয়।

মোহাম্মদপুর টাউন হল মার্কেটের মুরগি ব্যবসায়ী রমজান আলী বলেন, মুরগির চাহিদা বেশি, তার তুলনায় সরবরাহ কম রয়েছে। তাই আজকে দাম একটু বেশি। মুরগির দাম প্রতিদিনই কমে বাড়ে। বৃহস্পতিবার ও শুক্রবার বিয়ে-শাদি বেশি থাকে। অন্যান্য দিনের তুলনায় এ দিনগুলোতে দাম একটু বেশি থাকে।

এদিকে, গত সপ্তাহের তুলনায় আজকে ডিমের দাম একটু বেশি। ১২০ টাকার ডজনের ডিম আজকে ১৫০ টাকা বিক্রি হচ্ছে। ব্রয়লারের সাদা ডিমের ডজন ১৪০ টাকায় বিক্রি হচ্ছে। তবে সাইজের উপর দাম কিছুটা নির্ভর করছে বলে জানান বিক্রেতারা।

ডিম বিক্রেতা বজলুর রশিদ বলেন, আজকে ডিমের তিন রকম দাম রয়েছে। ব্রয়লার বড় সাইজের ডিম ১৬০ টাকা, ব্রাউন কালারের ডজন ১৫০ টাকা ও সাদা ১৪০ টাকা ডজন বিক্রি হচ্ছে।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading