প্রাণঘাতী ইবোলায় বিপর্যস্ত কঙ্গো, ৬৫ জনের মৃত্যু
উত্তরদক্ষিণ। শুক্রবার (১৫ মে) ২০২৬, আপডেট ২১:৫০
গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গোর পূর্বাঞ্চলীয় ইতুরি প্রদেশে প্রাণঘাতী ইবোলা ভাইরাসের নতুন প্রাদুর্ভাব দেখা দিয়েছে।
আফ্রিকার শীর্ষ স্বাস্থ্য সংস্থা আফ্রিকা সিডিসি শুক্রবার (১৫ মে) এক বিবৃতিতে জানিয়েছে, এই প্রাদুর্ভাবে এখন পর্যন্ত ২৪৬ জন আক্রান্ত হয়েছেন এবং অন্তত ৬৫ জনের মৃত্যু হয়েছে। সংক্রমণের প্রধান কেন্দ্রস্থল হিসেবে চিহ্নিত হয়েছে স্বর্ণখনি সমৃদ্ধ শহর মোংওয়ালু এবং রুয়াম্পারা।
আফ্রিকা সিডিসি জানিয়েছে, রাজধানী কিনশাসার ন্যাশনাল ইনস্টিটিউট অব বায়োমেডিকেল রিসার্চে (আইএনআরবি) পাঠানো ২০টি নমুনার মধ্যে ১৩টিতেই ভাইরাসের উপস্থিতি নিশ্চিত হওয়া গেছে।
বর্তমানে ভাইরাসের ধরন বা স্ট্রেইন শনাক্তে অধিকতর পরীক্ষা চালানো হচ্ছে। ইতুরির প্রাদেশিক রাজধানী বুনিয়াতেও বেশ কিছু সন্দেহভাজন রোগী শনাক্ত হয়েছে, যার ফলে ঘনবসতিপূর্ণ শহরগুলোতে ভাইরাসটি দ্রুত ছড়িয়ে পড়ার উচ্চ ঝুঁকি তৈরি হয়েছে।
ইউডি/এবি

