ব্রাহ্মণবাড়িয়ায় হর্ন বাজানো নিয়ে টর্চ জ্বালিয়ে সংঘর্ষ, আহত ৫
উত্তরদক্ষিণ। শনিবার, ১৬ মে, ২০২৬, আপডেট ০১:০৫
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে মাইক্রোবাসের হর্ন বাজানোকে কেন্দ্র করে দুইপক্ষের সংঘর্ষে অন্তত ৫ জন আহত হয়েছেন।
শুক্রবার (১৫ মে) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার পাঠানপাড়া এলাকায় দুইপক্ষের লোকজন টর্চ জ্বালিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পাঠানপাড়া এলাকায় এক মাইক্রোবাস চালক রাস্তা থেকে সরে দাঁড়ানোর জন্য এক পথচারীকে লক্ষ্য করে হর্ন বাজান। এ নিয়ে ওই পথচারী মাইক্রোবাস চালকের সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়ান। এ নিয়ে দুই পক্ষের লোকজন টর্চ জ্বালিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এতে উভয় পক্ষের অন্তত ৫ জন আহত হন। পরে খবর পেয়ে সরাইল থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে সংঘর্ষ নিয়ন্ত্রণে আনে।
সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুর কাদের ভূঁইয়া জানান, দুইজনের মধ্যে বাগ্বিতণ্ডা নিয়ে দুই গোষ্ঠীর লোকজন সংঘর্ষে জড়ায়। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
ইউডি/কেএস

