ইরান যুদ্ধ নিয়ে সুখবর মেলেনি শি-ট্রাম্প বৈঠকেও
উত্তরদক্ষিণ। শুক্রবার (১৫ মে) ২০২৬, আপডেট ২৩:৫৫
আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বেইজিংয়ে পা ফেলার আগে থেকেই চীনকে হোয়াইট হাউজ চাপ দিচ্ছিল, যেন ওয়াশিংটন ও তেহরানের মধ্যে শান্তিচুক্তির আলোচনায় বেইজিং সহায়তা করে।
কিন্তু চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে কয়েক দফার বৈঠকের পর শুক্রবার বিকালে ট্রাম্প যখন দুই দিনের সফরের ইতি টানেন, তখন পর্যন্ত ইরান যুদ্ধ নিয়ে ভালো কোনো সংবাদ সামনে আসেনি।
আমেরিকা ও ইসরায়েল মিলে ইরানে যে যুদ্ধ বাধিয়েছে, তা ইতোমধ্যে ৭৭তম দিনে গড়িয়েছে।
এমন প্রেক্ষাপটে শি-ট্রাম্পের বৈঠকে ইরান যুদ্ধ নিয়ে কী কী আলাপ হয়েছে, কোথায় কোথায় মতবিরোধ রয়েছে এবং মধ্যপ্রাচ্যে সংঘাত বন্ধের প্রচেষ্টার ভবিষ্যৎ কী হতে পারে, তা নিয়ে বিশ্লেষণী খবর প্রকাশ করেছে আল জাজিরা।
গত ২৮ ফেব্রুয়ারি আমেরিকা ও ইসরায়েল মিলে ইরানে হামলা শুরু করে। এতে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে প্রায় সাড়ে তিন হাজার মানুষের। নিহতের তালিকায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিও আছেন।
এদিকে পাল্টা হামলায় ইসরায়েলসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে থাকা মার্কিন সামরিক স্থাপনাকে নিশানা বানিয়েছে ইরান।
জর্ডান, ইরাক, সৌদি আরব, বাহরাইন, কুয়েত ও সংযুক্ত আরব আমিরাতসহ প্রায় এক ডজন দেশে হামলা চালিয়েছে তারা।
ট্রাম্প প্রশাসনের দাবি, ইরান যেন পারমাণবিক অস্ত্রের মালিক না হয়, সেটা ঠেকাতে এ যুদ্ধ প্রয়োজন ছিল। যদিও তেহরান বহুবার দাবি করেছে, পারমাণবিক বোমা বানানোর কোনো পরিকল্পনা তাদের নেই।
অন্যদিকে চীন শুরু থেকেই এ যুদ্ধের বিরোধিতা করে আসছে, যা তারা ট্রাম্পের বেইজিং সফরের সময়ও পুনর্ব্যক্ত করে।
ইউডি/এবি

