ইরান ঘিরে উত্তেজনা চরমে, উচ্চ সতর্কতায় ইসরাইলি বাহিনী

ইরান ঘিরে উত্তেজনা চরমে, উচ্চ সতর্কতায় ইসরাইলি বাহিনী

উত্তরদক্ষিণ। সোমবার, ১৮ মে, ২০২৬, আপডেট ১১:২৬

ইরানের বিরুদ্ধে সম্ভাব্য নতুন সামরিক অভিযানে যোগ দিতে প্রস্তুত রয়েছে ইসরাইলের সেনাবাহিনী। দেশটির গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, আমেরিকা নতুন করে হামলা চালালে ইসরাইলও এতে অংশ নেবে এবং ইরানের জ্বালানি অবকাঠামোকে লক্ষ্যবস্তু করা হতে পারে।

ইসরাইলের সরকারি সম্প্রচারমাধ্যম কান (কেএএন) এক নিরাপত্তা কর্মকর্তার বরাত দিয়ে জানিয়েছে, ইরানের সঙ্গে পুনরায় সংঘাতের আশঙ্কায় দেশটির সামরিক বাহিনীকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে।

রবিবার আমেরিকার প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে ফোনে কথা বলেছেন। আধা ঘণ্টার বেশি এ ফোনালাপে ইরানের সঙ্গে আবার যুদ্ধ শুরুর আশঙ্কা নিয়ে আলোচনা এবং তার সাম্প্রতিক চীন সফর সম্পর্কে নেতানিয়াহুকে অবহিত করেন ট্রাম্প। ওই আলোচনায় ইরানকে ঘিরে সম্ভাব্য নতুন সংঘাতের বিষয়টি গুরুত্ব পেয়েছে।

ইসরাইলের চ্যানেল ১২ জানিয়েছে, ‘ইরানে সম্ভাব্য হামলার আশঙ্কার মধ্যে এই ফোনালাপ হয়েছে। সম্ভাব্য যেকোন মার্কিন হামলার আগে ওয়াশিংটন থেকে আগাম বার্তা পাওয়ার আশা করছে ইসরাইল, যদিও হামলার সুনির্দিষ্ট সময় সম্পর্কে তারা নিশ্চিত নয়।

প্রতিবেদনে আরও বলা হয়, নতুন করে ইরানের সঙ্গে সংঘাতে জড়ানোর বিষয়ে ট্রাম্প প্রশাসনের ওপর আন্তর্জাতিক চাপ বাড়ছে। বিশেষ করে চীন আমেরিকাকে সামরিক পদক্ষেপ এড়িয়ে কূটনৈতিক সমাধানের পথে এগোনোর আহ্বান জানিয়েছে।

এদিকে যুদ্ধ বন্ধের আলোচনা থমকে যাওয়ার প্রেক্ষাপটে ইরানকে হুঁশিয়ারি দিয়ে আমেরিকার প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের ক্ষণগণনা শুরু হয়ে গেছে।

রবিবার (১৭ মে) ট্রাম্প তার নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেয়া এক বার্তায় ইরানের প্রতি এই হুঁশিয়ারি উচ্চারণ করেন।

ট্রুথ সোশ্যালে দেয়া ওই পোস্টে ট্রাম্প লেখেন, ‘তাদের (ইরান) উচিত দ্রুত পদক্ষেপ নেয়া, তা না হলে তাদের আর কিছুই অবশিষ্ট থাকবে না। সময়টাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়!’

গত এপ্রিলের শুরুতে যুদ্ধবিরতি ঘোষণার ঠিক আগে ট্রাম্প হুমকি দিয়েছিলেন, ইরান যুদ্ধ বন্ধের চুক্তিতে রাজি না হলে তাদের পুরো সভ্যতা ধ্বংস হয়ে যাবে। এবার তার নতুন বার্তায় সেই পুরানো হুমকিরই প্রতিধ্বনি শোনা গেল।

ইউডি/রেজা

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading