নতুন গভর্নরের সই করা ৩ ধরনের নোট বাজারে
উত্তরদক্ষিণ। মঙ্গলবার, ১৯ মে, ২০২৬, আপডেট ১২:০৫
বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর মো. মোস্তাকুর রহমানের স্বাক্ষর সম্বলিত নতুন ডিজাইনের নোট বাজারে ছাড়তে শুরু করেছে কেন্দ্রীয় ব্যাংক। ‘বাংলাদেশের ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক স্থাপত্য’ শীর্ষক নতুন সিরিজের এই নোট প্রথম ধাপে এরইমধ্যে ইস্যু করা হয়েছে।
সোমবার (১৮ মে) বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব কমিউনিকেশন্স অ্যান্ড পাবলিকেশন্স থেকে এ তথ্য জানানো হয়।
কেন্দ্রীয় ব্যাংক জানায়, নতুন সিরিজের ১০০০, ৫০০ ও ১০ টাকা মূল্যমানের ব্যাংক নোট ১৮ মে বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস থেকে ইস্যু করা হয়েছে। পরবর্তীতে এসব নোট দেশের অন্যান্য বাংলাদেশ ব্যাংক অফিস থেকেও পর্যায়ক্রমে ইস্যু করা হবে।
এছাড়া, নতুন ডিজাইন ও বৈশিষ্ট্যের ২০, ৫০ ও ১০০ টাকা মূল্যমানের নোটগুলো গভর্নর মো. মোস্তাকুর রহমানের স্বাক্ষরে পর্যায়ক্রমে ইস্যু করা হবে। তবে এসব নোটের রং, আকৃতি, ডিজাইন ও নিরাপত্তা বৈশিষ্ট্য আগের মতোই অপরিবর্তিত থাকবে বলে জানানো হয়েছে।
বাংলাদেশ ব্যাংক আরো জানিয়েছে, নতুন সিরিজের নোট চালুর পাশাপাশি বর্তমানে প্রচলিত সকল কাগুজে নোট ও ধাতব মুদ্রা আগের মতোই বৈধ থাকবে এবং বাজারে চলাচল অব্যাহত থাকবে।
ইউডি/কেএস

