হরমুজে বেড়েছে জাহাজ চলাচল: ইরান

হরমুজে বেড়েছে জাহাজ চলাচল: ইরান

উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬, আপডেট ০৮:০০

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কোর (আইআরজিসি) জানিয়েছে, পারস্য উপসাগরীয় জলপথ হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। আইআরজিসি নৌবাহিনীর নতুন সমন্বয় ও ব্যবস্থাপনার অধীনে গত ২৪ ঘণ্টায় অন্তত ২৬টি বাণিজ্যিক জাহাজ এই প্রণালি অতিক্রম করেছে।

বুধবার এক বিবৃতিতে আইআরজিসি নৌবাহিনীর কমান্ড জানায়, পারস্য উপসাগরের এই গুরুত্বপূর্ণ প্রবেশদ্বারে ইরানি সেনাবাহিনীর সাথে যৌথভাবে নিয়ন্ত্রণ বজায় রাখছে তারা। গত ২৪ ঘণ্টায় যে ২৬টি জাহাজ এই পথ ব্যবহার করেছে, তার মধ্যে তেল ট্যাংকার, কনটেইনারবাহী জাহাজ এবং অন্যান্য বাণিজ্যিক ভেসেল রয়েছে। বিবৃতিতে আরও বলা হয়েছে, সমস্ত জাহাজ আইআরজিসি নৌবাহিনীর সাথে প্রয়োজনীয় সমন্বয় সাধন এবং বাহিনী থেকে আনুষ্ঠানিক অনুমতিপত্র নেওয়ার পরই নিরাপদে এই জলপথ অতিক্রম করেছে।

আইআরজিসির একজন কর্মকর্তা জানিয়েছেন, হরমুজ প্রণালির পরিধি এখন আরও বিস্তৃত করা হয়েছে। জাস্ক ও সিরিক উপকূল থেকে শুরু করে গ্রেটার তুনব দ্বীপের বাইরে পর্যন্ত প্রায় ৫০০ কিলোমিটার এলাকা জুড়ে এখন একটি বিশেষ অর্ধচন্দ্রাকার অঞ্চল হিসেবে এটি পরিচালিত হচ্ছে।

ফেব্রুয়ারির শেষের দিকে ইরানের বিরুদ্ধে মার্কিন-ইসরায়েলি আগ্রাসন শুরু হওয়ার পর থেকে হরমুজ প্রণালিতে কঠোর কড়াকড়ি আরোপ করে ইরানি সামরিক বাহিনী। এরপর থেকে স্বাভাবিকের চেয়ে জাহাজ চলাচল অনেক কমে গিয়েছিল। তবে নতুন ব্যবস্থার পর ২৪ ঘণ্টায় ২৬টি জাহাজের পারাপারকে একটি বড় অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে। উল্লেখ্য, বিশ্বব্যাপী তেলের মোট চাহিদার প্রায় এক-পঞ্চমাংশ এই হরমুজ প্রণালি দিয়ে পরিবাহিত হয়। ফলে এই রুটে কড়াকড়ির কারণে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল ও পণ্যের দামে বড় ধরনের ঊর্ধ্বগতি দেখা দিয়েছিল।

সূত্র: প্রেস টিভি

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading