৫ ঘণ্টা পর উত্তরবঙ্গের সঙ্গে খুলনার ট্রেন চলাচল স্বাভাবিক
উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬, আপডেট ১১:৩০
ঝিনাইদহের কোটচাঁদপুরে সাফদারপুর রেল স্টেশনের কাছে লাইনচ্যুত মালবাহী ট্রেনটি উদ্ধার হয়েছে। ফলে পাঁচ ঘণ্টা পর খুলনার সঙ্গে উত্তরবঙ্গের সব ধরনের ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
বৃহস্পতিবার (২১ মে) সকাল ৮টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয় বলে জানিয়েছেন স্টেশন মাস্টার গোলাম রসুল নয়ন। এর আগে, মধ্যরাত ৩টার দিকে ট্রেনটির পেছনের দিকের একটি বগি লাইনচ্যুত হয়।
স্টেশন মাস্টার গোলাম রসুল নয়ন জানান, খুলনার মোংলা থেকে ছেড়ে আসা ঈশ্বরদীগামী একটি মালবাহী ট্রেন সাফদারপুর স্টেশনের কাছে পৌঁছালে রাত ৩টার দিকে পেছনের একটি বগি লাইনচ্যুত হয়। ফলে খুলনার সঙ্গে রাজশাহীসহ উত্তরবঙ্গের রেল চলাচল বন্ধ হয়ে যায়। সকাল ৭টায় খুলনা থেকে একটি উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পৌছে উদ্ধার কাজ সম্পন্ন করে। সকাল ৮টায় ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
ইউডি/কেএস

