বিশ্বকাপের আগে আবারও চোটে নেইমার

বিশ্বকাপের আগে আবারও চোটে নেইমার

উত্তরদক্ষিণ। শুক্রবার, ২২ মে, ২০২৬, আপডেট ০৯:০০

একের পর এক চোটের কারণে ২০২৬ বিশ্বকাপের ব্রাজিল দলে তার জায়গা পাওয়া নিয়েই ছিল অনিশ্চয়তা। অবশেষে দলে ডাক পেলেও নেইমারের বিশ্বকাপ খেলা নিয়ে সংশয় কাটছে না। এবার তার ডান পায়ের কাফে সমস্যা ধরা পড়েছে। ফলে কিছুটা হলেও শঙ্কা তৈরি করেছে তার বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে।

নেইমারের বর্তমান ক্লাব সান্তোস এক বিবৃতিতে জানিয়েছে, ডান পায়ের কাফ মাসলে (পেশি) চোট পাওয়ায় ক্লাবটির হয়ে সামনের ম্যাচগুলোতে তিনি মাঠে নামতে পারবেন না। আগামী ২৭ মে ব্রাজিলের বিশ্বকাপ ক্যাম্পে যোগ দেওয়ার কথা রয়েছে ৩৪ বছর বয়সী এই ব্রাজিলিয়ান তারকার।

ব্রাজিলিয়ান সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, সান্তোসের হয়ে খেলার সময় নেইমারের ডান পায়ের কাফ মাসলে ২ মিলিমিটারের একটি ছোট চোট ধরা পড়েছে। এই চোটের কারণে আসন্ন দক্ষিণ আমেরিকান কাপে সান লরেঞ্জো এবং ব্রাজিলিয়ান সিরি এ’তে গ্রেমিওর বিপক্ষে সান্তোসের হয়ে দুটি গুরুত্বপূর্ণ ম্যাচ মিস করবেন এই ফরোয়ার্ড।

তবে ক্লাবের মেডিকেল টিমের প্রধান রদ্রিগো জোগাইব জানিয়েছেন, নেইমারের এই চোট খুব একটা গুরুতর নয়। আগামী সপ্তাহের মধ্যেই তিনি পুরোপুরি ফিট হয়ে উঠবেন এবং সময়মতো ব্রাজিলের বিশ্বকাপ ক্যাম্পে যোগ দিতে পারবেন।

যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর যৌথ আয়োজনে আগামী মাসে শুরু হতে যাচ্ছে বিশ্বকাপের মেগা আসর। বিশ্বমঞ্চে নামার আগে আগামী ৩১ মে রিও ডি জেনেইরোর ঐতিহাসিক মারাকানা স্টেডিয়ামে পানামার বিপক্ষে এবং এরপর মিশরের বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে ব্রাজিল। তবে এই ম্যাচগুলোতে নেইমারকে মাঠে দেখা যাবে কি না, তা নিয়ে এখনও নিশ্চিত হওয়া যায়নি। উল্লেখ্য, এবারের বিশ্বকাপে ‘ডি’ গ্রুপে ব্রাজিলের প্রথম ম্যাচ মরক্কোর বিপক্ষে। গ্রুপের বাকি দুই প্রতিপক্ষ হলো হাইতি এবং স্কটল্যান্ড।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading