ধাওয়াপাড়া-নাজিরগঞ্জ রুটে ৪ দিন ধরে বন্ধ ফেরি চলাচল
উত্তরদক্ষিণ। বুধবার, ০৯ সেপ্টেম্বর, ২০২৬, আপডেট ১২:৩৭
পদ্মা নদীতে তীব্র স্রোতের কারণে চারদিন ধরে বন্ধ রয়েছে রাজবাড়ীর ধাওয়াপাড়া ও পাবনার নাজিরগঞ্জ নৌরুটে ফেরি চলাচল। ফলে চরম ভোগান্তিতে পড়েছেন এ নৌরুটে চলাচলকারী যাত্রী ও যানবাহন চালকরা। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, নদীর স্রোতের তীব্রতা কমে এলেই ফেরি চলাচল স্বাভাবিক করা হবে।
সূত্র জানায়, গত ৬ সেপ্টেম্বর সন্ধ্যা থেকে বুধবার (৯ সেপ্টেম্বর) সকাল পর্যন্ত তীব্র স্রোতের কারণে ধাওয়াপাড়া-নাজিরগঞ্জ নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। ধাওয়াপাড়া ঘাটে থাকা দুটি ফেরির মধ্যে একটি দীর্ঘদিন ধরে বিকল হয়ে আছে। অন্য ফেরিটিও তীব্র স্রোতের কারণে যানবাহন নিয়ে নিরাপদে নদী পার হতে পারছে না।
বুধবার ফেরি ঘাটে গিয়ে দেখা যায়, ফেরি চলাচল বন্ধ থাকায় ঘাটে এসে অনেক যানবাহন ও যাত্রী ফিরে যাচ্ছেন। তারা বিকল্প পথে যাতায়াত করার চেষ্টা করছেন। সেক্ষেত্রে যাত্রীবাহী পরিবহনের যাত্রীদের অতিরিক্ত ভাড়া গুনতে হচ্ছে।
ঘাটে আসা অধিকাংশ যাত্রী জানান, এই ঘাটের একটি ফেরি দুই থেকে তিন মাস আগেই নষ্ট হয়ে বন্ধ হয়ে গেছে। যে ফেরিটি চলাচল করছিল, সেই ক্যামেলিয়া নামে ফেরিটিও তিন দিন ধরে বন্ধ। পদ্মা নদীতে তীব্র স্রোত থাকায় চারদিন ধরে ফেরি চলাচল বন্ধ রয়েছে।দ্রুত সময়ের মধ্যে ফেরি চলাচল স্বাভাবিক না হলে যাত্রী ও পণ্য পরিবহনে দুর্ভোগ পোহাতে হবে।
ফরিদপুর থেকে ঘাটে আসা যাত্রী রুমানা শবনম বলেন, “নানু বাড়ি নাজিরগঞ্জ বেড়াতে যাব, এ কারণে বাড়ি থেকে বের হয়েছি। ঘাটে এসে শুনি কয়েকদিন ধরে ফেরি চলাচল বন্ধ। তাই এখন রাজবাড়ীতে এক আত্নীয়ের বাড়ি গিয়ে সেখানে থাকব।”
মাগুরা থেকে আসা অপর যাত্রী সোহেল রানা বলেন, “জরুরি কাজে পাবনা যেতে হবে বলে ঘাটে এসেছি। এখানে এসে শুনছি, নদীতে স্রোতের কারণে ফেরি চলাচল বন্ধ রয়েছে।এখন জীবনের ঝুঁকি নিয়ে ও বাড়তি ভাড়া দিয়ে ট্রলারে যেতে হচ্ছে।”
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহণ করপোরেশনের (বিআইডব্লিউটিসি) সহকারী ব্যবস্থাপক মো. রবিউল ইসলাম বলেন, “ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে ও পদ্মা নদীতে স্রোতের তীব্রতা বৃদ্ধির কারণে ফেরি চলাচল বন্ধ করা হয়েছে। স্রোতের তীব্রতা কমে গেলেই এ নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হবে।”
ইউডি/রেজা

