‘নিজের বিকৃত মুখ দেখলে খারাপ লাগে’

‘নিজের বিকৃত মুখ দেখলে খারাপ লাগে’

উত্তরদক্ষিণ। শনিবার, ২৩ মে, ২০২৬, আপডেট ০৮:২০

ছোটপর্দার ‘স্মৃতি ইরানি’র মেয়ের চরিত্র ‘কৃষ্ণা তুলসী’ থেকে বলিউডের ‘ব্রহ্মাস্ত্র’ দীর্ঘ পথ পাড়ি দিয়ে মৌনী রায় আজ বলিপাড়ার এক পরিচিত নাম। ছোটপর্দার গণ্ডি পেরিয়ে বড়পর্দায় নিজের জায়গা পাকা করাটা সহজ ছিল না তার জন্য।

তবে ইদানীং কাজের চেয়ে মৌনী বেশি আলোচনায় আছেন তার ব্যক্তিগত জীবন ও বৈবাহিক সম্পর্কের টানাপোড়েন নিয়ে। এর বাইরেও আরেকটি বিতর্ক কিছুদিন ধরেই তার পিছু ছাড়ছে না, আর তা হলো প্লাস্টিক সার্জারি করে নিজের চেহারা বদলে ফেলা।

ক্যারিয়ারের শুরুতে তার ঠোঁটের গড়ন যেমন ছিল, সময়ের সঙ্গে সঙ্গে তাতে দৃশ্যমান পরিবর্তন আসে। একটা সময় দর্শকের নজরে আসে মৌনীর ঠোঁট আগের চেয়ে বেশ ফোলা ও পুরু। শুধু ঠোঁটই নয়, তার ভ্রুর আকারেও আসে পরিবর্তন। এরপর ‘দ্য ভূতনি’ সিনেমার মুক্তির সময় নেটিজেনরা খেয়াল করেন, হাসার সময় মৌনীর কপালের চামড়া স্বাভাবিকভাবে কুঁচকাচ্ছে না।

এসব তুমুল সমালোচনা আর ট্রল অবশ্য চোখ এড়ায়নি অভিনেত্রীরও। চেহারা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমের এই কাটাছেঁড়া ও আক্রমণ নিয়ে এক সাক্ষাৎকারে নিজের ক্ষোভ ও কষ্টের কথা জানিয়েছিলেন মৌনী।

তিনি বলেন, ‘আমি সোশ্যাল মিডিয়ায় দেখি, কত মানুষ আমার চেহারার, আমার ছবির নানা বিকৃতি করে চলেছে। আজকাল অনেকেই কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই -এর সাহায্যে এমন সব ছবি বানাচ্ছে, যেখানে নিজের সেই বিকৃত মুখটা দেখলেই আমার নিজেরই ভীষণ খারাপ লাগে।’

মৌনী আরও জানান, একটা সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের চেহারা নিয়ে করা কুরুচিপূর্ণ মন্তব্য দেখে তিনি মানসিকভাবে ভেঙে পড়তেন। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে, বাধ্য হয়ে নিজের অ্যাকাউন্টের কমেন্ট বক্সও বন্ধ করে দিতে হয়েছিল তাকে। তবে সময়ের সঙ্গে সঙ্গে নিজেকে সামলে নিয়েছেন এই তারকা। এখন আর এসব সমালোচনাকে গায়ে মাখেন না তিনি।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading