হোয়াইট হাউসের কাছে আবার গুলি, বন্দুকধারী নিহত

হোয়াইট হাউসের কাছে আবার গুলি, বন্দুকধারী নিহত

উত্তরদক্ষিণ। রবিবার, ২৪ মে, ২০২৬, আপডেট ০৯:৩৬

আমেরিকার রাজধানী ওয়াশিংটন ডিসিতে হোয়াইট হাউসের কাছে শনিবার সন্ধ্যায় এক বন্দুকধারীর সঙ্গে সিক্রেট সার্ভিসের সদস্যদের গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে ওই বন্দুকধারী নিহত হয়েছেন। এ ঘটনায় একজন পথচারীও আহত হয়েছেন, তবে তাঁর বর্তমান অবস্থা সম্পর্কে বিস্তারিত জানা যায়নি।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম এএফপি জানায়, হোয়াইট হাউসের কাছের একটি নিরাপত্তাচৌকিতে ওই ব্যক্তি গুলি চালালে নিরাপত্তা কর্মকর্তারা পাল্টা গুলি ছোড়েন। গুলিবিদ্ধ অবস্থায় তাঁকে হাসপাতালে নেওয়া হলেও পরে তাঁর মৃত্যু হয়।

সিএনএনের প্রতিবেদনে বলা হয়, পেনসিলভানিয়া অ্যাভিনিউ ও সেভেন্টিনথ স্ট্রিট নর্থওয়েস্টের মোড়ে এ ঘটনা ঘটে। গুলির খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় সিক্রেট সার্ভিস। এরপরই উভয় পক্ষের মধ্যে গোলাগুলি শুরু হয়।

ঘটনার সময় হোয়াইট হাউসের নর্থ লনে অবস্থানরত সাংবাদিকেরা একাধিক গুলির শব্দ শুনতে পান। সঙ্গে সঙ্গে পুরো এলাকায় লকডাউন জারি করা হয়। নিরাপত্তাকর্মীরা সাংবাদিকদের দ্রুত প্রেস ব্রিফিং রুমে সরিয়ে নেন এবং সবাইকে নিরাপদ আশ্রয়ে থাকার নির্দেশ দেন। পরে সন্ধ্যা পৌনে সাতটার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে লকডাউন তুলে নেওয়া হয়।

এ সময় রাইফেলধারী সিক্রেট সার্ভিস এজেন্টদের নর্থ লনে মোতায়েন থাকতে দেখা যায়। হোয়াইট হাউসের প্রেস ব্রিফিং রুমও সাময়িকভাবে বন্ধ রাখা হয়।

ঘটনার সময় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসেই অবস্থান করছিলেন। ঘটনার বিষয়ে মন্তব্য জানতে হোয়াইট হাউস, ডিসি মেট্রোপলিটন পুলিশ এবং ডিসি ফায়ার অ্যান্ড ইএমএস বিভাগের সঙ্গে যোগাযোগ করেছে সিএনএন।

এফবিআই পরিচালক ক্যাশ পটেল সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানান, গুলির ঘটনার পর এফবিআই সদস্যরা ঘটনাস্থলে গিয়ে সিক্রেট সার্ভিসকে সহায়তা করছেন।

এদিকে এবিসি নিউজের প্রধান হোয়াইট হাউস সংবাদদাতা সেলিনা ওয়াং ঘটনাস্থল থেকে একটি ভিডিও পোস্ট করেন। তিনি জানান, গুলির শব্দ শোনার পর নিরাপত্তাকর্মীরা সবাইকে দ্রুত আশ্রয়ে যেতে বলেন।

উল্লেখ্য, এর আগেও চলতি মাসে হোয়াইট হাউসের কাছে একাধিক গোলাগুলির ঘটনা ঘটেছে। ৪ মে সশস্ত্র এক সন্দেহভাজনের সঙ্গে সিক্রেট সার্ভিসের সদস্যদের গোলাগুলি হয়। এছাড়া ২৬ এপ্রিল ওয়াশিংটন ডিসির একটি হোটেলে সাংবাদিকদের নৈশভোজ চলাকালেও গুলির ঘটনা ঘটে।

ইউডি/রেজা

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading