কয়েক ঘণ্টার মধ্যে বিশ্ববাসী সুখবর পাবে: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
উত্তরদক্ষিণ। রবিবার (২৪ মে) ২০২৬, আপডেট ২২:৪০
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানিয়েছেন, মধ্যপ্রাচ্য যুদ্ধের আনুষ্ঠানিক অবসান ঘটাতে ইরানের সঙ্গে একটি চুক্তির বিষয়ে রোববারের মধ্যে ঘোষণা আসতে পারে। তিনি জোর দিয়ে বলেন, এই যুদ্ধের মাধ্যমে ওয়াশিংটনের লক্ষ্যগুলো পুরোপুরি অর্জন হয়েছে।
ইন্ডিয়া সফরে থাকা রুবিও সাংবাদিকদের বলেন, ‘আমি মনে করি, আগামী কয়েক ঘণ্টার মধ্যে বিশ্ববাসী হয়তো কোনো সুখবর পেতে যাচ্ছে।’ তিনি আরও বলেন, এই চুক্তি আমেরিকাকে এমন অবস্থায় নিয়ে যাবে, যেখানে প্রেসিডেন্ট ট্রাম্প দেখতে চান। অর্থ্যাৎ, ইরানকে কেউ আর পারমাণবিক অস্ত্রধারী দেশ হিসেবে ভয় বা চিন্তা করবে না।
এর আগে মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে দ্য নিউইয়র্ক টাইমস জানায়, সম্ভাব্য চুক্তির আওতায় ইরান ইউরেনিয়াম সমৃদ্ধ করার পদক্ষেপ থেকে সরে যেতে পারে। এ নিয়ে দৃশ্যমান ইঙ্গিতও পাওয়া গেছে। তবে সবকিছু ঠিক হবে প্রাথমিক চুক্তি এবং এরপরের খুঁটিনাটি নির্ধারণের সময়।
টাইমসের এই প্রতিবেদনের আগে ট্রুথ সোশ্যালে পোস্ট দিয়ে ডোনাল্ড ট্রাম্প জানান, আমেরিকা, ইরান ও অন্যান্য বেশ কয়েকটি দেশের মধ্যে একটি চুক্তি চূড়ান্ত হয়েছে। এটি আনুষ্ঠানিক অনুমোদনের অপেক্ষায় আছে। মার্কিন প্রেসিডেন্ট আরও উল্লেখ করেন, চুক্তিতে অন্যান্য অনেক বিষয়ের পাশাপাশি, হরমুজ প্রণালি খুলে দেওয়ার কথাও আছে।
ইউডি/এবি

