সাতক্ষীরার শ্যামনগরে বজ্রপাতে নারীর মৃত্যু
উত্তরদক্ষিণ। বুধবার, ২৭ মে, ২০২৬, আপডেট ১২:৪৫
সাতক্ষীরার শ্যামনগরে বজ্রপাতে এক বিধবা নারীর মৃত্যু হয়েছে।
বুধবার (২৭ মে) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার গাবুরা ইউনিয়নের পার্শ্বেমারী এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত নারী শাহানারা খাতুন (৩৮) পার্শ্বেমারী গ্রামের মৃত জাকের আলী মোল্লার কন্যা। তার ২ বছর বয়সী একটি পুত্র ও ৫ বছর বয়সী একটি কন্যা সন্তান রয়েছে।
স্থানীয়রা জানান, সকালে নিহতের মা আছিয়া খাতুন পার্শ্ববর্তী ঘেরে মাছ ধরতে গিয়েছিল। আকাশে মেঘের ঘনঘটা দেখে মাকে বাড়িতে ডেকে আনতে যায় মেয়ে শাহানারা। ঘের থেকে মাকে নিয়ে ফেরার পথে আকস্মিক বজ্রপাতে তিনি জ্ঞান হারিয়ে ফেলেন।
পরে গ্রাম্য ডাক্তারের কাছে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তবে নিহতের মা আছিয়া খাতুন সুস্থ আছেন।
গাবুরা ইউপি চেয়ারম্যান মাসুদুল আলম বলেন, ইউনিয়নের একজন বিধবা নারী বজ্রপাতে মারা যাওয়ার খবর শুনেছি। ঈদের আগের দিন এ মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
ইউডি/রেজা

