কাঁধের চোটে ক্যারিয়ার শেষ, অবসর নিলেন ডেনিশ গোলরক্ষক

কাঁধের চোটে ক্যারিয়ার শেষ, অবসর নিলেন ডেনিশ গোলরক্ষক

উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার, ২৮ মে, ২০২৬, আপডেট ০৯:০৫

কাঁধের গুরুতর চোটের কারণে পেশাদার ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন লেস্টার সিটির সাবেক গোলরক্ষক ক্যাসপার স্মাইকেল। বুধবার ৩৯ বছর বয়সী এই ডেনিশ তারকা আনুষ্ঠানিকভাবে তাঁর বুট তুলে রাখার সিদ্ধান্ত জানান।

কিংবদন্তি গোলরক্ষক পিটার স্মাইকেলের ছেলে ক্যাসপার গত ফেব্রুয়ারিতে সেল্টিকের হয়ে স্টুটগার্টের বিপক্ষে ইউরোপা লিগ ম্যাচে খেলতে গিয়ে কাঁধে গুরুতর চোট পান। এরপর অস্ত্রোপচার করেও পুরোপুরি সেরে ওঠা সম্ভব হয়নি।

ডেনিশ টেলিভিশন চ্যানেল টিভি২-কে দেওয়া সাক্ষাৎকারে স্মাইকেল বলেন, আগামী জুনে সেল্টিকের সঙ্গে চুক্তি শেষ হওয়ার পরই তিনি পেশাদার ক্যারিয়ারের ইতি টানবেন। বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তাঁকে জানানো হয়েছে, তিনি আর শীর্ষ পর্যায়ের ফুটবলে ফিরতে পারবেন না।

হতাশা প্রকাশ করে তিনি আরও বলেন, এভাবে ক্যারিয়ার শেষ হওয়া তার পরিকল্পনার অংশ ছিল না, তবে জীবনের সবকিছুরই শেষ আছে, এটাও মেনে নিতে হচ্ছে।

ডেনমার্ক জাতীয় দলের হয়ে স্মাইকেল খেলেছেন ১২০টি ম্যাচ, যা দেশের ইতিহাসে চতুর্থ সর্বোচ্চ। তিনি ডেনমার্কের হয়ে সর্বোচ্চ ম্যাচ খেলা খেলোয়াড়দের তালিকায় নিজের বাবা পিটার স্মাইকেলের চেয়ে মাত্র নয় ম্যাচ পিছিয়ে ছিলেন।

ম্যানচেস্টার সিটির একাডেমি থেকে উঠে আসা স্মাইকেলের সবচেয়ে সফল সময় কেটেছে লেস্টার সিটিতে। ২০১৬ সালে ক্লাবটির ঐতিহাসিক প্রিমিয়ার লিগ জয়ী দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন তিনি। পরে ২০২১ সালে লেস্টারের হয়ে এফএ কাপও জেতেন। এরপর নিসে সংক্ষিপ্ত সময় কাটিয়ে সেল্টিকে যোগ দেন এবং স্কটিশ ক্লাবটির হয়ে দুই মৌসুমে লিগ শিরোপা জেতেন।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading