ঢাকা-খুলনা মহাসড়কে যাত্রীবাহী বাস খাদে
উত্তরদক্ষিণ। রবিবার, ৩১ মে, ২০২৬, আপডেট ১৯:৪০
ফরিদপুরের নগরকান্দায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস সড়কের পাশে খাদে পড়ে উল্টে যায়। এতে করে বাসে থাকা অন্তত ২৫ যাত্রী আহত হয়। গুরুতর আহতদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
রবিবার (৩১ মে) দুপুরে ঢাকা-খুলনা মহাসড়কের উপজেলার ঝাটুরদিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নগরকান্দা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. শাহীনুল ইসলাম জানান, ঢাকা থেকে খুলনা গামী বোরাক পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে পড়ে উল্টে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহত যাত্রীদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করা হয়।
ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. শারমিন আক্তার সুইটি জানান, হাসপাতালে ২৩ জন আহত যাত্রী ভর্তি করা হয়েছে। তবে সকলেই আশঙ্কামুক্ত।
ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: হেলাল উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহি বাস পাশের খাদে পড়ে গিয়ে উল্টে যায়। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় আইনী ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন।
ইউডি/রেজা

