ফটিকছড়ির সড়কে বাবা-ছেলের মৃত্যুর পর বিআরটিসির বাসে জনতার আগুন
উত্তরদক্ষিণ। সোমবার, ০১ জুন, ২০২৬, আপডেট ১৪:৩৮
চট্টগ্রামের ফটিকছড়িতে বিআরটিসি বাসের ধাক্কায় মোটর সাইকেল আরোহী বাবা-ছেলে মারা গেছেন।
উপজেলার পাইন্দং ইউনিয়নের আমতল এলাকায় সোমবার চট্টগ্রাম-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কে এ ঘটনার পর স্থানীয়রা বাসে আগুন ধরিয়ে দেয়।
নিহতরা হলেন- পাইন্দং ২ নম্বর ওয়ার্ডের করবল্লা টিলার মালেক শাহ মসজিদ এলাকার বাসিন্দা মো. শাহজাহান (৫০) ও তার ১৮ বছর বয়সি ছেলে মোহাম্মদ আরিফ।
ফটিকছড়ি থানার ওসি মো. রবিউল আলম খান গণমাধ্যমকে বলেন, খাগড়াছড়ি থেকে চট্টগ্রামে আসা বিআরটিসি বাস মোটর সাইকেলটিকে ধাক্কা মারে।
“ওই মোটর সাইকেলে বাবা ছেলে আরোহী ছিলেন, ধাক্কায় তারা মারা যান। দুর্ঘটনার পরপর স্থানীয় লোকজন বাসটি ভাংচুর করে আগুন ধরিয়ে দেয়।”
পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনস্থলে গিয়ে বাসের আগুন নিভিয়েছেন বলে পুলিশের এই কর্মকর্তা জানিয়েছেন।
ওসি রবিউল আলম জানিয়েছেন দুর্ঘটনার পর বাস চালককে আটক করা হয়েছে।
স্থানীয় সাংবাদিকরা জানিয়েছেন শাহজাহান ও তার ছেলে বৃন্দাবনহাট এলাকায় একটি মোটর সাইকেল গ্যারেজ পরিচালনা করতেন। সকালে মোটর সাইকেলে করে গ্যারেজে যাওয়ার পথে খাগড়াছড়ি থেকে চট্টগ্রামের দিকে আসা বিআরটিসি বাসের ধাক্কায় তারা সড়কে ছিটকে পড়ে এবং ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।
যানবাহনের অতিরিক্ত গতির কারণে প্রতিনিয়ত সড়কটিতে দুর্ঘটনা ঘটছে বলে অভিযোগ করেছেন স্থানীয়রা।
ইউডি/রেজা

