বিতর্কের পর জাতীয় চলচ্চিত্র পুরস্কারে বড় পরিবর্তন

বিতর্কের পর জাতীয় চলচ্চিত্র পুরস্কারে বড় পরিবর্তন

উত্তরদক্ষিণ। বুধবার, ০৩ জুন, ২০২৬, আপডেট ০৮:৪০

বিতর্কের অবসান ঘটিয়ে অবশেষে ২০২৩ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কারের সংশোধিত প্রজ্ঞাপন জারি করেছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। মঙ্গলবার (০২ জুন) প্রকাশিত নতুন এই তালিকায় আজীবন সম্মাননা ও সেরা চিত্রনাট্যকারসহ গুরুত্বপূর্ণ কয়েকটি বিভাগে বড় পরিবর্তন আনা হয়েছে। এর আগে গত ২৯ জানুয়ারি ২০২৬ তারিখে প্রকাশিত আগের বিতর্কিত প্রজ্ঞাপনটি এই নতুন আদেশের মাধ্যমে পুরোপুরি বাতিল ঘোষণা করা হয়।

রাষ্ট্রপতির আদেশক্রমে তথ্য মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা স্বাক্ষরিত এই সংশোধিত তালিকায় জানা যায়, ২০২৩ সালের সিনেমার অবদানের জন্য এবার ২৮টি শাখায় মোট ৩২ জন সেরা শিল্পী ও কলাকুশলীকে রাষ্ট্রীয়ভাবে এই বিশেষ স্বীকৃতি দেওয়া হচ্ছে।

নতুন প্রজ্ঞাপন অনুযায়ী, এবার যৌথভাবে আজীবন সম্মাননা পাচ্ছেন বিশিষ্ট অভিনেত্রী বার্ণা বসাক শবনম এবং বিশিষ্ট চলচ্চিত্র সম্পাদক ফজলে হক। এছাড়া চলচ্চিত্র শিল্পে বিশেষ অবদানের জন্য মরণোত্তর যৌথ পুরস্কার পাচ্ছেন প্রয়াত নির্মাতা তারেক মাসুদ ও প্রয়াত চিত্রগ্রাহক আব্দুল লতিফ বাচ্চু।

২০২৩ সালের শ্রেষ্ঠ চলচ্চিত্র নির্বাচিত হয়েছে খন্দকার সুমন পরিচালিত ‘সাঁতাও’ । একই ছবির জন্য কে. এম. হালিমুজ্জামান (খন্দকার সুমন) শ্রেষ্ঠ চলচ্চিত্র পরিচালকের পুরস্কার জিতে নিয়েছেন । অভিনয় বিভাগে ‘সুড়ঙ্গ’ চলচ্চিত্রে অনবদ্য অভিনয়ের জন্য শ্রেষ্ঠ অভিনেতা (প্রধান চরিত্র) নির্বাচিত হয়েছেন আফরান নিশো (আহাম্মেদ ফজলে রাব্বি আফরান নিশো)।

অন্যদিকে ‘সাঁতাও’ ছবির জন্য শ্রেষ্ঠ অভিনেত্রী (প্রধান চরিত্র) হয়েছেন আইনুন নাহার পুতুল (আইনুন নাহার)। পার্শ্ব চরিত্রে শ্রেষ্ঠ অভিনেতা হয়েছেন মনির আহাম্মেদ শাকিল (‘সুড়ঙ্গ’) এবং শ্রেষ্ঠ অভিনেত্রী নাজিয়া হক অর্ষা (‘ওরা সাত জন’)। এছাড়া খল চরিত্রে ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ ছবির জন্য আশীষ খন্দকার (খন্দকার রশিদ আহমেদ) এবং কৌতুক চরিত্রে ‘সুড়ঙ্গ’ ছবির জন্য শহীদুজ্জামান সেলিম পুরস্কার পাচ্ছেন ।

সংশোধিত তালিকায় শ্রেষ্ঠ চিত্রনাট্যকার হিসেবে যৌথভাবে পুরস্কার পাচ্ছেন রায়হান রাফী চৌধুরী (রায়হান রাফী) ও সৈয়দ নাজিম উদ দৌলা (‘সুড়ঙ্গ’)। শ্রেষ্ঠ সংলাপ রচয়িতা হয়েছেন মোঃ তাসনীমুল হাসান (‘রক্তজবা’) এবং শ্রেষ্ঠ কাহিনিকার ফারুক হোসেন (‘প্রিয়তমা’)। সংগীতের আকাশে এবার ‘প্রিয়তমা’ ছবির ‘ঈশ্বর’ গানের জয়জয়কার। এই গানের জন্য শ্রেষ্ঠ গীতিকার হয়েছেন সোমেশ্বর অলি (মোঃ অলিউল্লাহ) এবং শ্রেষ্ঠ সুরকার প্রিন্স মাহমুদ (মুনির মাহমুদ প্রিন্স)।

একই ছবির ‘ও প্রিয়তমা’ গানের জন্য শ্রেষ্ঠ গায়ক হয়েছেন বালাম (কাজী মোঃ আলী জাহাঙ্গীর) । অন্যদিকে ‘সুড়ঙ্গ’ চলচ্চিত্রের ‘এ গাঁ ছুঁয়ে বলো’ গানের জন্য শ্রেষ্ঠ গায়িকা নির্বাচিত হয়েছেন অবন্তী দেব সিথি । শ্রেষ্ঠ সংগীত পরিচালক হিসেবে পুরস্কৃত হচ্ছেন ইমন চৌধুরী (মোস্তাফিজুর রহমান চৌধুরী ইমন) ।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading