রাজধানীতে দিনেদুপুরে ব্যবসায়ীকে গুলি করে ১৭ লাখ টাকা ছিনতাই
উত্তরদক্ষিণ। রবিবার (০৭ জুন) ২০২৬, আপডেট ২২:১৫
রাজধানীর ব্যস্ততম বাণিজ্যিক এলাকা মতিঝিলে দিনেদুপুরে প্রকাশ্যে লোকমান হোসেন (৪৫) নামে এক ব্যবসায়ীকে গুলি করে ১৭ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।
রোববার (৭ জুন) বিকেল সোয়া ৩টার দিকে মতিঝিলের শাপলা চত্বর সংলগ্ন জনতা ব্যাংকের করপোরেট শাখার সামনে এই দুর্ধর্ষ ছিনতাইয়ের ঘটনা ঘটে।
দুর্বৃত্তদের ছোড়া গুলিতে ওই ব্যবসায়ী গুরুতর আহত হয়েছেন। তাকে উদ্ধার করে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
প্রকাশ্যে এই ছিনতাইয়ের ঘটনার একটি সিসিটিভি ফুটেজ ইতোমধ্যে সামনে এসেছে। ফুটেজে দেখা যায়, রাস্তার ওপর একটি যাত্রীবাহী বাস দাঁড়িয়ে আছে। বিকেল ২টা ৩ মিনিটের (ফুটেজের সময় অনুযায়ী) দিকে রাস্তায় চলাচলরত পথচারী ও রিকশাচালকরা হঠাৎ আতঙ্কিত হয়ে পড়েন এবং বাসের পেছনের দিকে তাকাতে থাকেন। মূলত বাসের আড়ালেই গোলাগুলি ও ছিনতাইয়ের মূল ঘটনাটি ঘটে। ঘটনার আকস্মিকতায় সাধারণ মানুষকে দিগ্বিদিক ছোটাছুটি করতে দেখা যায়।
ইউডি/এবি

